সোনার লড়াইয়ে ভারত-পাকিস্তান, বাংলাদেশ কি পাবে?

এশিয়ান গেমস ক্রিকেটের কাঙ্ক্ষিত সোনা জয়ের মহাযুদ্ধে শেষ পর্যন্ত মুখোমুখি হচ্ছে দুই চিরপ্রতিদ্বন্দ্বী ভারত ও পাকিস্তান। শ্রীলঙ্কাকে মাত্র ৪৫ রানে গুড়িয়ে দিয়ে ফাইনালে নাম লিখিয়েছে ভারত, আর বৃষ্টিবিঘ্নিত ম্যাচে বাংলাদেশকে হারিয়ে আগেই সেখানে পৌঁছেছে পাকিস্তান।

তবে দুই চিরপ্রতিদ্বন্দ্বীর সোনালী সাফল্য ধরার লড়াইয়ে পাশাপাশি বাংলাদেশের সামনে সুযোগ ব্রোঞ্জ জয়ের। সেই লড়াইয়ে লিটনরা এবার খেলবে শ্রীলঙ্কার বিপক্ষে।

জাপানের নিশিনে আজ সেমিফাইনালে শ্রীলঙ্কার বিপক্ষে আগে ব্যাট করতে নেমে শুরু থেকেই চালকের আসনে ছিল ভারত। টস হেরে প্রথমে ব্যাট করতে নেমে ১৫ বছর বয়সী বৈভব সূর্যবংশীর ২১ বলে ৩৮ রানের ঝোড়ো ইনিংস এবং পরবর্তীতে মিডল অর্ডারে ঈশান কিশানের অপরাজিত ৪৬ বলে ৮০ রানের অনবদ্য ইনিংসে ভর করে ১৬৯ রানের লড়াকু পুঁজি গড়ে শ্রেয়াস আইয়ারের দল। 

জবাবে রান তাড়ায় নামা লঙ্কান ব্যাটিং লাইনআপকে শুরুতেই ধ্বংস করে দেন পেসার যশপ্রীত বুমরা। প্রথম ওভারেই জোড়া আঘাত হানার পর অক্ষর প্যাটেল, ওয়াশিংটন সুন্দর ও পার্ট-টাইম স্পিনার অভিষেক শর্মার স্পিনে তাসের ঘরের মতো ভেঙে পড়ে লঙ্কানদের ইনিংস। মাত্র ৪৫ রানে অলআউট হয়ে নিজেদের টি-টোয়েন্টি ইতিহাসের সর্বনিম্ন স্কোর গড়ার লজ্জায় ডোবে শ্রীলঙ্কা। আর ১২৪ রানের বিশাল জয়ে ফাইনালে পৌঁছায় প্রতিযোগিতার আগের আসরে সোনাজয়ী ভারত। 

অন্যদিকে, আজ সকালে প্রথম সেমিফাইনালে বৃষ্টির কারণে ১৩ ওভারে নেমে আসা ম্যাচে পাকিস্তানের মুখোমুখি হয়েছিল বাংলাদেশ। প্রতিকূল আবহাওয়া ও উইকেটের চ্যালেঞ্জ সামলে প্রথমে ব্যাট করতে গিয়ে শুরুর ধাক্কা কাটিয়ে তাওহীদ হৃদয়ের মারকাটারি ২৫ বলে ৪৫ রানের সুবাদে নির্ধারিত ১৩ ওভারে ৭ উইকেটে ১১১ রান সংগ্রহ করে লিটন দাসের দল। জয়ের লক্ষ্য তাড়ায় নেমে আত্মবিশ্বাসী ব্যাটিংয়ে ৯ বল হাতে রেখেই ৬ উইকেটের জয় তুলে নিয়ে ফাইনালে জায়গা করে নেয় পাকিস্তান।

এশিয়ান গেমসের ক্রিকেটের ছেলেদের বিভাগের পদক নির্ধারণী ম্যাচ দুটি অনুষ্ঠিত হবে আগামী শনিবার। বাংলাদেশ সময় ভোর ৬টায় ব্রোঞ্জপদকের লড়াইয়ে মুখোমুখি হবে সেমিফাইনালে হেরে যাওয়া বাংলাদেশ ও শ্রীলঙ্কা। আর ঠিক এর পরেই, বেলা ১১টায় স্বর্ণপদকের  লড়াইয়ে মাঠে নামবে ভারত ও পাকিস্তান। 

এর আগে মহাদেশীয় এই মঞ্চের কোনো আসরেই খালি হাতে ফিরতে হয়নি বাংলাদেশের পুরুষ ক্রিকেট দলকে। ২০১০ সালের আসরে প্রথমবারে মতো যখন এশিয়ান গেমস ক্রিকেট অন্তর্ভুক্ত হয় সেবার সোনা জিতেছিল লাল-সবুজের দলটি। সেটি ধরে রাখতে না পারলেও পরের দুই আসরে জিতেছে ব্রোঞ্জ। তাইতো সোনার মেডেলের স্বপ্ন হাতছাড়া হলেও লিটন-মুস্তাফিজদের সামনে এবার হ্যাটট্রিক ব্রোঞ্জ জয়ের হাতছানি।