রাজবাড়ী জেলা সদর হাসপাতালের তত্ত্বাবধায়ক শেখ মোহাম্মদ আব্দুল হান্নানকে ওএসডি করে স্বাস্থ্য অধিদপ্তরে বদলি করা হয়েছে। একই সঙ্গে রাজবাড়ীর সিভিল সার্জনকে নিজ দায়িত্বের অতিরিক্ত হিসেবে সদর হাসপাতালের তত্ত্বাবধায়কের দায়িত্ব দেওয়া হয়েছে।
বুধবার (৩০ সেপ্টেম্বর) স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের যুগ্মসচিব সাইফুল ইসলাম স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।
প্রজ্ঞাপনে বলা হয়, রাজবাড়ী জেলা সদর হাসপাতালের তত্ত্বাবধায়ক শেখ মোহাম্মদ আব্দুল হান্নানকে ওএসডি করে ঢাকার মহাখালীতে স্বাস্থ্য অধিদপ্তরে বদলি করা হয়েছে। তার স্থলে রাজবাড়ীর সিভিল সার্জন নিজ দায়িত্বের অতিরিক্ত হিসেবে সদর হাসপাতালের তত্ত্বাবধায়কের দায়িত্ব পালন করবেন।
এতে আরও বলা হয়, বদলি ও পদায়ন করা কর্মকর্তাকে আগামী ৪ অক্টোবরের মধ্যে বর্তমান কর্মস্থল থেকে অবমুক্ত হয়ে নতুন কর্মস্থলে যোগদান করতে হবে। অন্যথায় ৫ অক্টোবর থেকে তিনি তাৎক্ষণিকভাবে অবমুক্ত হিসেবে গণ্য হবেন।
উল্লেখ্য, শেখ মোহাম্মদ আব্দুল হান্নান ২০২২ সালের ৭ ফেব্রুয়ারি রাজবাড়ী জেলা সদর হাসপাতালের তত্ত্বাবধায়ক হিসেবে যোগদান করেন।