রাঙামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (রাবিপ্রবি) প্রকল্প পরিচালক (পিডি) আব্দুল গফুরকে দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। তার স্থলে প্রকল্প পরিচালকের অতিরিক্ত দায়িত্ব দেওয়া হয়েছে বিশ্ববিদ্যালয়ের প্রো-ভাইস চ্যান্সেলর ড. মো. শফিকুল ইসলামকে।
বৃহস্পতিবার (১ অক্টোবর) বিশ্ববিদ্যালয়ের এক অফিস আদেশে আব্দুল গফুরকে প্রকল্প পরিচালকের দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়। একই আদেশে প্রো-ভাইস চ্যান্সেলর ড. মো. শফিকুল ইসলামকে ভারপ্রাপ্ত প্রকল্প পরিচালক হিসেবে অতিরিক্ত দায়িত্ব দেওয়া হয়েছে।
এর আগে গত ২৬ আগস্ট ‘বরখাস্ত পিডি মন্ত্রণালয়ের প্রভাবে ফের চেয়ারে’ শিরোনামে প্রতিবেদন প্রকাশ করে দেশ রূপান্তর। ওই প্রতিবেদনে রাঙামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ১৬৪ কোটি ৩০ লাখ টাকার উন্নয়ন প্রকল্পের ভারপ্রাপ্ত প্রকল্প পরিচালক আব্দুল গফুরকে ঘিরে ওঠা বিভিন্ন অভিযোগ এবং সাময়িক বরখাস্ত হওয়ার পর তাঁর পুনরায় দায়িত্বে ফেরার বিষয়টি তুলে ধরা হয়।
এদিকে পিডিকে অপসারণের দাবিতে দীর্ঘদিন ধরে আন্দোলন করে আসছিলেন রাবিপ্রবির শিক্ষার্থীরা। একপর্যায়ে তারা অনশনেও বসেন। পাশাপাশি সামাজিক যোগাযোগমাধ্যমেও পিডির বিরুদ্ধে নিয়মিত প্রতিবাদ জানিয়ে আসছিলেন শিক্ষার্থীরা।
বিশ্ববিদ্যালয় সূত্রে জানা যায়, আব্দুল গফুর বিশ্ববিদ্যালয়ের পরিকল্পনা, উন্নয়ন ও ওয়ার্কস দপ্তরের উপপরিচালক হিসেবেও দায়িত্ব পালন করছিলেন। বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটেও তাকে ওই পদে দেখানো হয়েছে।
এর আগে চলতি বছরের জানুয়ারিতে তাকে সাময়িকভাবে বরখাস্ত করেছিল বিশ্ববিদ্যালয় প্রশাসন। ৭ জানুয়ারি রিজেন্ট বোর্ডের সভায় তাকে সাময়িক বরখাস্তের সিদ্ধান্ত নেওয়া হয়।
নতুন অফিস আদেশের ফলে উন্নয়ন প্রকল্পটির প্রকল্প পরিচালকের দায়িত্বে এখন থেকে ভারপ্রাপ্ত হিসেবে দায়িত্ব পালন করবেন বিশ্ববিদ্যালয়ের প্রো-ভাইস চ্যান্সেলর ড. মো. শফিকুল ইসলাম।