কুষ্টিয়ার মিরপুরে শ্যামলী পরিবহনের বাসের চাপায় ভানু খাতুন (৫৫) ভ্যানযাত্রী ও কামরুল ইসলাম (৩৫) নামে ভ্যানচালক নিহত হয়েছেন। এ ঘটনায় আরও একজন গুরুতর আহত হয়েছেন।
বৃহস্পতিবার (১ অক্টোবর) সকাল সাড়ে ১০টার দিকে কুষ্টিয়া-মেহেরপুর আঞ্চলিক মহাসড়কের মিরপুর উপজেলার সদরপুর সিদ্দিকীয়া দাখিল মাদ্রাসার সামনে এ দুর্ঘটনা ঘটে।
নিহত ভানু খাতুন কুষ্টিয়া সদর উপজেলার ভাদালিয়ার স্বস্তিপুর এলাকার হাসেম আলীর স্ত্রী।
নিহতের পরিবার সূত্রে জানা যায়, কয়েক দিন আগে ভানু খাতুন নিজ বাড়ি থেকে মেয়ের শ্বশুরবাড়ি কুষ্টিয়ার মিরপুর উপজেলার সদরপুর ইউনিয়নের নওদাআজমপুর এলাকায় তক্কেল হোসেনের বাড়িতে আসেন। বৃহস্পতিবার সকালে মেয়ের জামাইয়ের সঙ্গে পাখিভ্যানে করে খলিসাকুন্ডি বাজারে ফ্রিজ মেরামতের উদ্দেশ্যে তিনি যাচ্ছিলেন।
সদরপুর সিদ্দিকীয়া দাখিল মাদ্রাসার সুপার শেখ মহিউদ্দিন আহমেদ জানান, সকাল সাড়ে ১০টার দিকে মাদ্রাসার সামনে দিয়ে একটি পাখিভ্যান খলিসাকুন্ডির দিকে যাওয়ার সময় এর এক্সেল রড ভেঙে যায়। এতে ভ্যানটি সড়কে পড়ে গেলে পেছন থেকে শ্যামলী পরিবহনের একটি বাস সেটিকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই ভানু নামে ওই নারী মারা যান।
মিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শহিদুল ইসলাম জানান, সকালে সড়ক দুর্ঘটনায় ভানু খাতুন ঘটনাস্থলেই নিহত হন। গুরুতর আহত ভ্যানচালক কামরুল ইসলাম চিকিৎসাধীন অবস্থায় হাসপাতালে মারা যান। এ ঘটনায় আরও একজন গুরুতর আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কুষ্টিয়া জেনারেল হাসপাতালের মর্গে পাঠিয়েছে বলেও জানান ওসি।