ডেঙ্গুতে সন্দ্বীপের গৃহবধূর মৃত্যু

চট্টগ্রামের সন্দ্বীপে ডেঙ্গু আক্রান্ত হয়ে জান্নাতুল মাওয়া সুমাইয়া নামে এক গৃহবধূর মৃত্যু হয়েছে। বুধবার রাত আড়াইটার দিকে সন্দ্বীপ থেকে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রামের পার্কভিউ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

মৃত জান্নাতুল মাওয়া সুমাইয়া (২১) সন্দ্বীপ উপজেলার মাইটভাঙ্গা ইউনিয়নের করিমের গোবাড়ির বাসিন্দা আবু তালেব নিশাদের স্ত্রী। তিনি দুই সন্তানের জননী।

পরিবার জানায়, ডেঙ্গু আক্রান্ত হয়ে সুমাইয়া সন্দ্বীপ মেডিকেল সেন্টারে চিকিৎসাধীন ছিলেন। সেখানে তার অবস্থার অবনতি হলে বুধবার রাত আড়াইটার দিকে উন্নত চিকিৎসার জন্য তাকে চট্টগ্রামের পার্কভিউ হাসপাতালে নেওয়া হয়। তবে হাসপাতালে পৌঁছানোর পর চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

পার্কভিউ হাসপাতালের ইমার্জেন্সি ইনচার্জ রাকিব বলেন, জান্নাতুল মাওয়া নামে একজন রোগী রাতে হাসপাতালে এসেছিলেন। হাসপাতালে যখন তাকে আনা হয়েছিল, তখন তিনি মৃত ছিলেন। ইসিজি করানোর পর স্বজনরা তাকে নিয়ে চলে যান।

সন্দ্বীপ উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা.মানস বিশ্বাস জানান, জান্নাতুল মাওয়া সুমাইয়া নামে একজন ডেঙ্গু আক্রান্ত রোগীকে বুধবার রাতে চট্টগ্রাম নেওয়া হয়েছে। বর্তমানে সন্দ্বীপে মধ্যবয়স্ক ও শিশুদের মধ্যে ডেঙ্গুর প্রকোপ সবচেয়ে বেশি দেখা যাচ্ছে। গত সাত দিনে ডেঙ্গুর উপসর্গ নিয়ে হাসপাতালে আসা রোগীর সংখ্যা আশঙ্কাজনক হারে বেড়েছে।

তিনি জানান, জ্বর হলে অবহেলা না করে দ্রুত পরীক্ষা করানো এবং ঝুঁকিপূর্ণ রোগীদের শুরু থেকেই হাসপাতালে নিবিড় পর্যবেক্ষণে রাখার ওপর জোর দেন তিনি।