সীতাকুণ্ডে ডেঙ্গুতে আরও এক শিশুর মৃত্যু

এদিকে স্থানীয় সূত্র ও আগের মৃত্যুর তথ্য অনুযায়ী, সাম্প্রতিক কয়েক দিনে সীতাকুণ্ডে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে তিন শিশুসহ মোট ছয়জনের মৃত্যু হয়েছে। এতে উপজেলাজুড়ে ডেঙ্গু পরিস্থিতি নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে।

আপডেট : ২৪ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৫৩ পিএম
চট্টগ্রামের সীতাকুণ্ডে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে লামিয়া আক্তার (৪) নামে আরও এক শিশুর মৃত্যু হয়েছে।
 
বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) ফৌজদারহাটের বাংলাদেশ ইনস্টিটিউট অব ট্রপিক্যাল অ্যান্ড ইনফেকশাস ডিজিজেস (বিআইটিআইডি) হাসপাতালে নেওয়ার পর তার মৃত্যু হয় বলে পরিবারের স্বজনরা জানিয়েছেন।
 
লামিয়া আক্তার উপজেলার সোনাইছড়ি ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের বার আউলিয়ার পশ্চিম পাশে ভূঁইয়া বাড়ির প্রয়াত মো. ইমাম হোসেন ইমনের মেয়ে।
নিহতের আত্মীয় মো. জিসান জানান, গত চার দিন ধরে জ্বরে ভুগছিল লামিয়া। বৃহস্পতিবার স্থানীয় একটি ডায়াগনস্টিক সেন্টারে পরীক্ষা করালে ডেঙ্গু শনাক্ত হয়। পরে তাকে দ্রুত ফৌজদারহাটের বিআইটিআইডি হাসপাতালে নেওয়া হয়। হাসপাতালে পৌঁছানোর পর হঠাৎ তার শারীরিক অবস্থার অবনতি হলে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
 
প্রতিবেশী জাহিদুল আলম বলেন, 'বাবা কোলে করে শিশুটিকে হাসপাতালে নিয়ে যাচ্ছিলেন। তখনও তাকে অনেকটা স্বাভাবিক মনে হচ্ছিল। সম্ভবত হাসপাতালে নেওয়ার পর হঠাৎ করেই তার শারীরিক অবস্থার অবনতি হয় এবং সে মারা যায়।'
 
এদিকে স্থানীয় সূত্র ও আগের মৃত্যুর তথ্য অনুযায়ী, সাম্প্রতিক কয়েক দিনে সীতাকুণ্ডে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে তিন শিশুসহ মোট ছয়জনের মৃত্যু হয়েছে। এতে উপজেলাজুড়ে ডেঙ্গু পরিস্থিতি নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে।
সর্বশেষ সর্বাধিক পঠিত