দেশব্যাপী ছড়িয়ে পড়া ডেঙ্গু জ্বর প্রতিরোধে জনসচেতনতা বাড়াতে সবাইকে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল ও সাবেক এমপি মিয়া গোলাম পরওয়ার। বৃহস্পতিবার (১ অক্টোবর) এক বিবৃতিতে তিনি এ আহ্বান জানান।
বিবৃতিতে গোলাম পরওয়ার বলেন, সারা দেশে ডেঙ্গু পরিস্থিতি ভয়াবহ রূপ ধারণ করেছে। ঘটছে অনাকাঙ্ক্ষিত মৃত্যুর ঘটনাও। জনগণের সচেতনতা ও সহযোগিতার মাধ্যমে এই জীবনবিনাশী মশাবাহিত রোগ থেকে সর্বস্তরের মানুষকে রক্ষা করা সম্ভব। এ জন্য ডেঙ্গু প্রতিরোধে দেশবাসী, সংগঠনের নেতাকর্মী এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের ঐক্যবদ্ধ ভূমিকা পালনের আহ্বান জানান তিনি।
তিনি বলেন, ডেঙ্গু প্রতিরোধে বাংলাদেশ জামায়াতে ইসলামী আগামী ৪ থেকে ১০ অক্টোবর পর্যন্ত দেশব্যাপী কর্মসূচি হাতে নিয়েছে। জনগণের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ ও নেতাকর্মীদের নিয়মিত কার্যক্রমের মাধ্যমে এ কর্মসূচি সফল করে ডেঙ্গুর ভয়াবহ গ্রাস থেকে নাগরিকদের নিরাপদ করা সম্ভব হবে। তিনি সবাইকে ঐক্যবদ্ধভাবে কর্মসূচি সফল করার অনুরোধ জানান।
গোলাম পরওয়ার বলেন, কোনো নাগরিক কিংবা যেকোনো বয়সী শিশুর মধ্যে ডেঙ্গু জ্বরের লক্ষণ দেখা দিলে চিকিৎসকের পরামর্শ নিতে হবে। অবহেলা না করে প্রয়োজনে হাসপাতালে ভর্তি করাতে হবে।
তিনি আরও বলেন, ডেঙ্গু মশার লার্ভা সৃষ্টি কিংবা লার্ভার উৎস ধ্বংসে নাগরিকদের সচেতনভাবে দায়িত্ব পালনে উদ্যোগী হওয়া সময়ের দাবি। এ জন্য এডিস মশার প্রজননস্থল ধ্বংস, বাড়ির আশপাশ পরিষ্কার, বাসাবাড়িতে থাকা ফুলের টব ও টবের নিচে জমে থাকা পানি অপসারণের আহ্বান জানান তিনি। পাশাপাশি পুরোনো টায়ার, ডাবের খোসা, পরিত্যক্ত বালতিসহ যেসব স্থানে বৃষ্টির পানি জমে থাকে, সেগুলো পরিষ্কার ও অপসারণের আহ্বান জানান।
গোলাম পরওয়ার বলেন, চলতি বছর দেশে ডেঙ্গুতে ২৪৫ জনের মৃত্যু হয়েছে। আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ৭৯ হাজার ৬২০ জন। সবচেয়ে ভয়াবহ পরিস্থিতির সৃষ্টি হয়েছে গত সেপ্টেম্বরে। স্বাস্থ্য অধিদপ্তরের তথ্যানুযায়ী, সেপ্টেম্বরে ডেঙ্গুতে মৃত্যু হয়েছে ১৪৮ জনের।
তবে বর্তমান সরকার কার্যকর পদক্ষেপ নেওয়ার পরিবর্তে শুধু বাগাড়ম্বর করায় নাগরিকদের প্রাণহানি বেড়েছে বলে দাবি করেন তিনি। বড় বড় কথা বলার পরিবর্তে স্বাস্থ্য খাতের উন্নয়ন করে নাগরিকদের স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে সরকারের প্রতি দাবি জানান তিনি।
তিনি বলেন, জনগণের সচেতনতা ও ঐক্যবদ্ধ প্রচেষ্টায় নাগরিকদের জন্য একটি নিরাপদ দেশ ও সমাজ নিশ্চিত করা সম্ভব। এ জন্য সম্মিলিত প্রচেষ্টার বিকল্প নেই। বাংলাদেশ জামায়াতে ইসলামী জনগণকে সঙ্গে নিয়ে এ কঠিন পরিস্থিতি থেকে উত্তরণে দেশবাসীর পাশে থাকতে বদ্ধপরিকর।