মৌলভীবাজারে ৮০ বোতল বিদেশি মদসহ ট্রাক জব্দ, গ্রেপ্তার ২

মৌলভীবাজার সদর মডেল থানার শেরপুর পুলিশ ফাঁড়ির অভিযান চালিয়ে ৮০ বোতল বিদেশি মদসহ দুই জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। বৃহস্পতিবার (১ অক্টোবর) ভোরে ঢাকা-সিলেট মহাসড়কে শেরপুর গোলচত্বর এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তাররা হলেন সাতক্ষীরা সদরের রসুলপুর এলাকার মেহেদী হাসান সকাল (৩২) এবং ইটাগাছা এলাকার জাহিদুল ইসলাম (৩০)।

পুলিশ জানায়, বৃহস্পতিবার (১ অক্টোবর) ভোরে গোপন খবর পেয়ে মৌলভীবাজার সদর মডেল থানার আওতাধীন শেরপুর পুলিশ ফাঁড়ির ইনচার্জ উপপরিদর্শক (এসআই) ওবায়দুল্লাহর নেতৃত্বে শেরপুর গোলচত্বর এলাকায় ঢাকা-সিলেট মহাসড়কে তল্লাশি চালানো হয়। এ সময় সিলেট থেকে ঢাকাগামী খুলনার একটি ট্রাক  তল্লাশি করে চালক ও সহকারির সিটের পেছনে থাকা চারটি চটের বস্তা থেকে ৮০ বোতল বিদেশি মদ উদ্ধার করা হয়। এ সময় মদ পরিবহনে ব্যবহৃত ট্রাকটিও জব্দ করা হয়।

জব্দ করা মদের মধ্যে রয়েল স্ট্যাগ ডিলাক্স হুইস্কির ৪৬ বোতল, আইকনিক হোয়াইট ফাইনেস্ট ইন্টারন্যাশনাল গ্রেইন হুইস্কির ১৬ বোতল ও এসি ব্ল্যাক পিওর গ্রেইন ডিলাক্স হুইস্কির ১৮ বোতল রয়েছে। এঘটনায় গ্রেপ্তারদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে সংশ্লিষ্ট ধারায় মামলা করা হয়েছে।