সাধারণত মঞ্চের মাঝখানে দাঁড়িয়ে ‘কৌন বনেগা ক্রোড়পতি’ অনুষ্ঠানের সূচনা করেন সঞ্চালক বলিউড তারকা অমিতাভ বচ্চন। তবে এবার তাকে বসে বসেই নিজের পরিচিত সংলাপ বলতে দেখা গেল। জানা গেছে, শুটিংয়ের সময় পা পিছলে পড়ে যান এবং তার হাঁটুতে চোট লাগে। তবে চোট গুরুতর নয় বলেই দর্শককে আশ্বস্ত করেছেন অভিনেতা। তার কথায়, চাইলে দাঁড়িয়ে কথা বলতে পারতেন। কিন্তু দাড়ানোর সময় তার একটু সমস্যা হচ্ছিল, তাই এ দিন বসেই অনুষ্ঠানটি শুরু করার সিদ্ধান্ত নেন অমিতাভ।
হাঁটুর এই চোটের মধ্যেও কাজ থেকে বিরতি নিচ্ছেন না অমিতাভ। ‘কেবিসি ১৮’-র পাশাপাশি একাধিক কাজ রয়েছে তার হাতে। নাগ অশ্বিনের ‘কল্কি ২৮৯৮ এডি ২’-এ ফের অশ্বত্থামার চরিত্রে দেখা যাবে তাকে। চলতি মাসেই (অক্টোবর থেকে) ছবিটির শুটিং শুরু হওয়ার কথা। এ ছাড়াও ঋভু দাশগুপ্তের পরিচালিত কোর্টরুম ড্রামা ‘সেকশন ৮৪’-এর মুক্তির অপেক্ষায় রয়েছেন অভিনেতা। দীপিকা পাড়ুকোনের সঙ্গে ‘দি ইন্টার্ন’-এর হিন্দি রিমেকও প্রযোজনার দিকে এগোচ্ছে বলে জানিয়েছে ভারতীয় গণমাধ্যম আনন্দবাজার।