বিভিন্ন প্রতিষ্ঠানে ফোন করে বিভিন্ন তথ্য সংগ্রহ করার সুবিধা যুক্ত হচ্ছে গুগলের কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) সহকারী জেমিনাইতে। ‘কল ফর মি’ নামের সুবিধাটি চালু হলে কোনো দোকান বা প্রতিষ্ঠানে ফোন করে পণ্যের মজুদ সম্পর্কে জানার পাশাপাশি রেস্তোরাঁয় টেবিল বুক বা সাক্ষাৎকারের সময় পরিবর্তনের মতো কাজ করতে পারবে জেমিনাই।
গুগলের তথ্যমতে, কল ফর মি সুবিধায় জেমিনাই শুধু ফোন করে তথ্য সংগ্রহ করবে না, প্রয়োজনে ফোনের অপর প্রান্তে থাকা ব্যক্তির সঙ্গে কথোপকথনও চালিয়ে যাবে। ফোন করার আগে জেমিনাই কোন নম্বরে কল করবে এবং ব্যবহারকারীর কোন কোন তথ্য প্রকাশ করবে, আগেই জানিয়ে দেবে। এরপর ব্যবহারকারী অনুমতি দিলে ফোন করবে জেমিনাই। কলটি ব্যবহারকারীর নিজের ফোন নম্বর ও মোবাইল নেটওয়ার্ক ব্যবহার করে করতে পারবে।
নতুন এ সুবিধা ব্যবহারকারীদের হয়ে কাজ করলেও নিরাপত্তাহীনতার কারণ হবে না বলে জানিয়েছে গুগল। কারণ, ফোনে কথোপকথন চলার সময় ব্যবহারকারীরা চাইলে সরাসরি জানতে পারবেন। জেমিনাই কী বলছে এবং অপর প্রান্তের ব্যক্তি কী বলছেন, তা লাইভ ট্রান্সক্রিপ্টের মাধ্যমে ফোনের পর্দায় দেখা যাবে। প্রয়োজন হলে যেকোনো সময় কথোপকথনের নিয়ন্ত্রণ নিজের হাতে নেওয়ার সুযোগও থাকবে। ফোনে কথা বলা শেষ হলে ব্যবহারকারীদের ফলাফল জানাবে জেমিনাই।
যুক্তরাষ্ট্রে পিক্সেল ১১ সিরিজের ফোন ব্যবহারকারী এবং গুগল এআই সাবস্ক্রিপশন নেওয়া ব্যক্তিদের জন্য সুবিধাটি চালু করা হবে শুরুতে। পরীক্ষামূলক পর্যায়ে থাকা সুবিধাটি ব্যবহারের জন্য ব্যবহারকারীদের ফোনে ‘ফোন বাই গুগল’ অ্যাপের পাবলিক বেটা সংস্করণ এবং জেমিনাই অ্যাপের সর্বশেষ সংস্করণ থাকতে হবে।