জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) দুই মাসের ব্যবধানে প্রক্টর পদে তৃতীয়বারের মতো রদবদল হয়েছে। ব্যক্তিগত কারণ দেখিয়ে প্রক্টরের দায়িত্ব থেকে অধ্যাপক মো. জাকির হোসেন পদত্যাগ করায় এ পদে নতুন করে দায়িত্ব পেয়েছেন উদ্ভিদবিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. মো. আব্দুল হালিম।
বৃহস্পতিবার (১ অক্টোবর) বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার ড. এ বি এম আজিজুর রহমান স্বাক্ষরিত এক অফিস আদেশে অধ্যাপক আব্দুল হালিমকে প্রক্টর হিসেবে নিয়োগ দেওয়ার বিষয়টি জানানো হয়।
বিশ্ববিদ্যালয় সূত্রে জানা যায়, গণ-অভ্যুত্থানের পর বিশ্ববিদ্যালয়ে নতুন প্রশাসন দায়িত্ব নেওয়ার পর পরিবেশবিজ্ঞান বিভাগের অধ্যাপক এ কে এম রাশিদুল আলমকে প্রক্টর হিসেবে নিয়োগ দেওয়া হয়েছিল। তবে সাবেক ছাত্রলীগ নেতার পিটুনিতে নিহতের ঘটনা এবং পরবর্তী সময়ে জাকসু নির্বাচনসহ বিভিন্ন বিষয়কে কেন্দ্র করে বিতর্ক ও অসন্তোষের মধ্যে তিনি পদত্যাগ করেন।
এরপর গত ২৯ জুলাই দর্শন বিভাগের অধ্যাপক মো. জাকির হোসেনকে প্রক্টর হিসেবে নিয়োগ দেওয়া হয়। দায়িত্ব গ্রহণের দুই মাস না পেরোতেই তিনিও পদত্যাগপত্র জমা দেন। পরে কর্তৃপক্ষ তার আবেদন গ্রহণ করে তাকে প্রক্টরের দায়িত্ব থেকে অব্যাহতি দেয়।
এদিকে নতুন অফিস আদেশে বলা হয়েছে, অধ্যাপক মো. জাকির হোসেনকে প্রক্টরের দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়ার পর বিশ্ববিদ্যালয়ের নির্দেশক্রমে উদ্ভিদবিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. মো. আব্দুল হালিমকে ১ অক্টোবর ২০২৬ তারিখ অপরাহ্ন থেকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত সাময়িকভাবে প্রক্টর হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।