স্পেনে আবাসন সংকটের প্রতিবাদ অব্যাহত

স্পেনে আবাসন সংকটের প্রতিবাদ অব্যাহত রয়েছে। বৃহস্পতিবার রাজধানী মাদ্রিদের কেন্দ্রীয় সল স্কয়ারে ৩০০টির বেশি তাঁবু খাটিয়ে বিক্ষোভ করেন আন্দোলনকারীরা। গত ২৬ সেপ্টেম্বর থেকে শুরু হওয়া এ বিক্ষোভে বামপন্থী ও কট্টর বামপন্থী বিভিন্ন নাগরিক সংগঠন সমর্থন দিচ্ছে।
 
বিক্ষোভকারীরা সেখানে জনসভা ও বিভিন্ন বৈঠক করছেন। আবাসন সংকটের সমাধানে সাধারণ ধর্মঘটের দাবিতে আন্দোলন জোরদার করতে বিভিন্ন এলাকায় কমিটি গঠনের আহ্বানও জানিয়েছেন তারা।
 
বৃহস্পতিবার শত শত বিক্ষোভকারী হাঁড়ি-পাতিল বাজিয়ে প্রতিবাদ জানান। মাদ্রিদের পাশাপাশি বার্সেলোনা, সেভিয়া ও লাস পালমাসসহ আরও কয়েকটি শহরেও ছোট পরিসরে বিক্ষোভ হয়েছে।
 
এদিকে আবাসন সংকট মোকাবিলায় সরকারের নেওয়া দুটি ডিক্রির ওপর স্পেনের পার্লামেন্টে ভোট হওয়ার কথা রয়েছে।
 
বিরোধী পিপলস পার্টি ও ভক্স জানিয়েছে, তারা প্রস্তাব দুটির বিরুদ্ধে ভোট দেবে। ফলে বাস্ক ও কাতালোনিয়া অঞ্চলের ছোট দলগুলোর অবস্থানের ওপর প্রস্তাবগুলোর ভাগ্য অনেকটাই নির্ভর করছে।
 
প্রথম ডিক্রিতে ভাড়ার চুক্তি স্বয়ংক্রিয়ভাবে অনির্দিষ্টকালের জন্য বাড়ানোর প্রস্তাব রয়েছে। এতে ভাড়া বৃদ্ধির হার ভোক্তা মূল্যসূচকের (সিপিআই) সঙ্গে যুক্ত থাকবে। বাড়িওয়ালা চুক্তির মেয়াদ বাড়াতে অস্বীকৃতি জানালে ভাড়াটিয়াকে ক্ষতিপূরণ দেওয়ার বিধানও রাখা হয়েছে। তবে এই প্রস্তাবটি প্রত্যাখ্যাত হওয়ার আশঙ্কা রয়েছে।
 
দ্বিতীয় ডিক্রিটি পাস হওয়ার সম্ভাবনা রয়েছে। এতে নির্দিষ্ট কিছু ভাড়ার চুক্তির মেয়াদ আরও দুই বছর বাড়ানোর পাশাপাশি ২০৩০ সাল পর্যন্ত জোরপূর্বক উচ্ছেদ স্থগিত রাখার প্রস্তাব করা হয়েছে। মৌসুমি ও কক্ষভিত্তিক ভাড়ার ক্ষেত্রেও নতুন নিয়ম চালু করা হবে।
 
এ ছাড়া আবাসন মূল্যসূচকের নির্ধারিত সীমার বেশি ভাড়া বাড়ানো হয়—এমন চুক্তিতেও ভাড়া বৃদ্ধিতে বিধিনিষেধ আরোপ করা হবে। ‘ভালচার ফান্ড’ নামে পরিচিত কিছু উচ্চঝুঁকির বিনিয়োগ তহবিলকে ২০২৮ সাল পর্যন্ত বাড়ি কেনার ওপর নিষেধাজ্ঞা দেওয়ার প্রস্তাবও রয়েছে।
 
স্পেন সরকার বলছে, এসব পদক্ষেপের আওতায় থাকা ১৮ লাখ ৯০ হাজার ভাড়ার চুক্তির প্রায় ৫০ লাখ মানুষ উপকৃত হবেন।

দেশটিতে আবাসন সংকট এখন বড় রাজনৈতিক ইস্যুতে পরিণত হয়েছে। গত মাসে মাদ্রিদে ৮৭ বছর বয়সী মারি কারমেনকে তিনি যে বাড়িতে ৭০ বছর ধরে বসবাস করছিলেন, সেখান থেকে জোরপূর্বক উচ্ছেদের ঘটনা বিষয়টিকে আরও আলোচনায় নিয়ে আসে।

পরে মাদ্রিদ সিটি কাউন্সিল ও একটি সম্পত্তি বিনিয়োগকারী প্রতিষ্ঠানের মধ্যে সমঝোতা হয়। এর আওতায় নতুন আট বছরের ভাড়ার চুক্তিতে মারি কারমেনকে ওই বাড়িতে ফেরার সুযোগ দেওয়ার কথা রয়েছে। নতুন চুক্তি অনুযায়ী, বাড়িভাড়া বাবদ তার পেনশনের ৩০ শতাংশ ব্যয় হবে।