স্পেনে এক দিনে রেকর্ডসংখ্যক অভিবাসীর আগমন

আপডেট : ২৫ নভেম্বর ২০২৬, ০৬:৪৪ পিএম

স্পেনের ক্যানারি দ্বীপপুঞ্জে গত ২৪ ঘণ্টায় ২ হাজার ১০০ জনেরও বেশি অভিবাসী পৌঁছেছেন। অতিরিক্ত যাত্রীবোঝাই নৌকায় করে আসা এসব অভিবাসীর সংখ্যা এক দিনে আগমনের অতীতের সব রেকর্ড ছাড়িয়ে গেছে। বুধবার প্রকাশিত দেশটির সামুদ্রিক উদ্ধার সংস্থার তথ্য থেকে এ কথা জানা গেছে। এ ঘটনায় দ্বীপপুঞ্জে অভিবাসন পরিস্থিতি আরও জটিল হয়ে উঠেছে। চলতি মাসের শুরুতেই আঞ্চলিক সরকার এ পরিস্থিতিকে ‘অসহনীয়’ বলে বর্ণনা করেছিল। খবর রয়টার্সের। 

উদ্ধারকারী সংস্থার তথ্য অনুযায়ী, বিপজ্জনক সমুদ্রযাত্রার সময় একটি নৌকায় এক অভিবাসীর মরদেহ পাওয়া গেছে। একই যাত্রাপথে এক নারী সন্তান জন্ম দিয়েছেন।

পশ্চিম আফ্রিকা থেকে আসা অধিকাংশ নৌকা ভিড়েছে এল হিয়েরো দ্বীপে। প্রায় ১১ হাজার ৪০০ মানুষের বসবাস এই দ্বীপে। পশ্চিম আফ্রিকা থেকে ইউরোপে প্রবেশের অন্যতম গুরুত্বপূর্ণ পথ হয়ে উঠেছে দ্বীপটি।

এদিকে, রোববারের সংসদীয় নির্বাচনের প্রচার চলাকালে অভিবাসন বিষয়ে তুলনামূলক উদার অবস্থানের কারণে সমালোচনার মুখে পড়েছেন স্পেনের প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজ। বুধবার তিনি বলেন, অভিবাসন মোকাবিলায় ইউরোপের একটি সমন্বিত কৌশল প্রয়োজন। এর আওতায় সীমান্ত নিয়ন্ত্রণ জোরদার করার পাশাপাশি সেনেগাল ও গাম্বিয়ার কর্তৃপক্ষের সঙ্গে সহযোগিতা বাড়াতে হবে।

তবে একই সঙ্গে স্পেনের শ্রমবাজারে দক্ষ কর্মীর ঘাটতি পূরণে বৈধ অভিবাসনের সুযোগ বাড়ানোর পক্ষেও মত দেন তিনি। বিশেষ করে আবাসনসহ যেসব খাতে যোগ্য কর্মীর সংকট রয়েছে, সেসব খাতে বৈধভাবে বিদেশি কর্মী নিয়োগের পথ খুলে দেওয়া প্রয়োজন বলে মন্তব্য করেন সানচেজ।

পশ্চিম আফ্রিকা থেকে ক্যানারি দ্বীপপুঞ্জে পৌঁছানোর আটলান্টিক রুটটি বিশ্বের অন্যতম বিপজ্জনক অভিবাসনপথ হিসেবে পরিচিত। প্রতিবছর হাজার হাজার মানুষ অতিরিক্ত যাত্রীবোঝাই নৌকায় করে এই পথ পাড়ি দেওয়ার চেষ্টা করেন। উত্তাল সমুদ্র, প্রবল স্রোত এবং দীর্ঘ সমুদ্রপথের ঝুঁকি উপেক্ষা করেই স্পেনের ভূখণ্ডে পৌঁছানোর আশায় তারা এই বিপজ্জনক যাত্রায় নামেন।

সাধারণত শরৎকালে এই পথে অভিবাসীদের যাতায়াত বেড়ে যায়। এ সময় সমুদ্র তুলনামূলক শান্ত থাকে এবং নৌযাত্রার পরিবেশ কিছুটা অনুকূল হয়।

চলতি বছরের নভেম্বরের শেষভাগ পর্যন্ত ক্যানারি দ্বীপপুঞ্জে পৌঁছানো অভিবাসীর সংখ্যা দাঁড়িয়েছে ২৮ হাজার ১০৩ জনে। এরই মধ্যে সংখ্যাটি গত বছরের মোট আগমনের পরিমাণ ছাড়িয়ে গেছে। তবে ২০২৪ সালে রেকর্ড করা সর্বোচ্চ ৪৬ হাজার ৮৪৩ জনের তুলনায় তা এখনো কম। ওই বছর অধিকাংশ অভিবাসী বছরের প্রথম নয় মাসেই দ্বীপপুঞ্জে পৌঁছেছিলেন।

সবচেয়ে উদ্বেগজনক বিষয় হলো, গত দুই মাসেই প্রায় ২১ হাজার মানুষ এই পথে ক্যানারি দ্বীপপুঞ্জে পৌঁছেছেন। ফলে ইউরোপের অন্যতম প্রবেশদ্বার হিসেবে পরিচিত এই দ্বীপপুঞ্জে অভিবাসীদের চাপ ক্রমেই বাড়ছে।

সর্বশেষ সর্বাধিক পঠিত