বরিশালে শিক্ষিকার হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার

বরিশাল নগরীর ভাটিখানা এলাকায় তালাবদ্ধ বাসা থেকে অবসরপ্রাপ্ত স্কুলশিক্ষিকা আমেনা খানমের (৬৫) হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার করেছে পুলিশ। গতকাল বৃহস্পতিবার ভোরে নগরীর রোকেয়া আজিম সড়কের খালপাড় এলাকার একটি ভবনের দ্বিতীয় তলা থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, গত বুধবার রাতে আমেনা খানমের বাসার পাশের ভাড়াটিয়ারা তার বাসা থেকে দুর্গন্ধ পান। বিষয়টি বাড়ির মালিকের স্ত্রী রিনা বেগমকে জানালে তিনি তার ছেলে রিফাতকে বিষয়টি অবহিত করেন। রিফাত ঢাকায় একটি বেসরকারি ব্যাংকে চাকরি করেন। তিনি পুলিশকে বিষয়টি জানান। খবর পেয়ে গতকাল ভোর সাড়ে ৪টার দিকে পুলিশ বাসার তালা খুলে ভেতরে প্রবেশ করে খাটের ওপর আমেনা খানমের মরদেহ দেখতে পায়। এ সময় তার হাত-পা কাপড় দিয়ে বাঁধা ছিল।

নিহত আমেনা খানম মেহেন্দীগঞ্জ উপজেলার বাসিন্দা। তিনি উপজেলার একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষকতা শেষে অবসর নেন। প্রায় এক বছর আগে তিনি ভাটিখানা এলাকার ওই ভবনের দ্বিতীয় তলা ভাড়া নেন। বাড়ির মালিকের স্ত্রী রিনা বেগম বলেন, প্রায় এক বছর ধরে আমেনা খানম তাদের একটি বাসা ভাড়া নিয়ে একাই বসবাস করতেন। বরিশাল মেট্রোপলিটন পুলিশের উপ-পুলিশ কমিশনার সুশান্ত সরকার জানান, পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠিয়েছে। ঘটনাটি তদন্ত করে এর সঙ্গে জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তার করা হবে।