হোটেল কক্ষে মিলল নারীর গলাকাটা লাশ, শিশু উদ্ধার

কক্সবাজার শহরের একটি আবাসিক হোটেলের কক্ষ থেকে কুলছুমা আক্তার (২৫) নামে এক নারীর গলাকাটা লাশ উদ্ধার করেছে পুলিশ। গত বুধবার রাত ৮টার দিকে শহরের কেন্দ্রীয় বাস টার্মিনাল এলাকায় স্ট্যান্ড পার্ক রিসোর্টের ৩০২ নম্বর কক্ষের বাথরুম থেকে রক্তাক্ত অবস্থায় তার লাশ উদ্ধার করা হয়। এ সময় কক্ষ থেকে অক্ষত অবস্থায় আড়াই বছরের এক শিশুকে উদ্ধার করা হয়। শিশুটিকে পরে স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।

পুলিশ সূত্র জানায়, কুলছুমা জেলার ঈদগাঁও উপজেলার বাসিন্দা। পারিবারিক কলহের কারণে স্বামী মো. হারুনের বিরুদ্ধে আদালতে মামলা করেছিলেন তিনি। বিচারাধীন ওই মামলার শুনানির দিন ছিল বুধবার। ওই মামলার হাজিরা দিতে কুলছুমা ঈদগাঁও থেকে কক্সবাজার এসে ওই হোটেলে ওঠেন। পরে রাতে ওই হোটেল কক্ষের শৌচাগার থেকে তার রক্তাক্ত লাশ উদ্ধার করা হয়। তার গলায় ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন রয়েছে।

হোটেল কর্তৃপক্ষ জানায়, গত মঙ্গলবার বিকেলে এক ব্যক্তির সঙ্গে কুলছুমা হোটেলে আসেন। তারা স্বামী-স্ত্রী পরিচয়ে হোটেলটির ৩০২ নম্বর কক্ষ ভাড়া নেন। তাদের সঙ্গে শিশুটিও ছিল। কুলছুমা শিশুটিকে তার মেয়ে বলে পরিচয় দেন।

গত বুধবার সকাল থেকে তারা বাইরে ছিলেন। এরপর বেলা তিনটার দিকে তারা হোটেল কক্ষে ফিরে আসেন। পরে রাতে  হোটেলটির শৌচাগারে কুলছুমার রক্তাক্ত লাশ পড়ে থাকতে দেখা যায়। স্বামী পরিচয়ে যে ব্যক্তি কুলছুমার সঙ্গে ছিলেন, তিনি কৌশলে হোটেল থেকে পালিয়ে গেছেন।