সরকারি কৃষি সহায়তার আওতায় প্রথমপর্যায়ে গাজীপুরের কালীগঞ্জ উপজেলায় কৃষক কার্ড পেলেন এক হাজার ৪৫১ কৃষক। গতকাল বৃহস্পতিবার বিকেলে কালীগঞ্জ উপজেলার নাগরী ইউনিয়নের কালব রিসোর্টে আয়োজিত অনুষ্ঠানে কৃষকদের মধ্যে এ কার্ড বিতরণ করা হয়।
ফেনীর ফুলগাজী থেকে সারা দেশের নির্বাচিত ৭৭ উপজেলা ও কৃষি ব্লকের সঙ্গে যুক্ত হয়ে প্রধানমন্ত্রী তারেক রহমান কেন্দ্রীয়ভাবে কৃষক কার্ড কার্যক্রমের উদ্বোধন করেন। একই অনুষ্ঠানে কালীগঞ্জের কার্যক্রমও ভার্চুয়ালি উদ্বোধন করা হয়। জানা গেছে, কালীগঞ্জের জামালপুর ইউনিয়নের চুপাইর ব্লকে প্রাথমিকভাবে কৃষক কার্ডের জন্য নির্বাচিত হয়েছেন এক হাজার ৪৫১ জন। তাদের মধ্যে ভূমিহীন ৩৯ জন, প্রান্তিক ৫৭১, ক্ষুদ্র ৭৭০, মাঝারি ৬৮ জন এবং বড় কৃষক রয়েছেন তিনজন।
অনুষ্ঠানে নির্বাচিত কৃষকদের হাতে কার্ড তুলে দেন সংসদ সদস্য একেএম ফজলুল হক মিলন, এসএম রফিকুল ইসলাম, মো. মজিবুর রহমান, গাজীপুর জেলা পরিষদের প্রশাসক ড. চৌধুরী ইশরাক আহমদ সিদ্দিকী ও বিএনপি নেতা শাহ রিয়াজুল হান্নান।
প্রধান অতিথির বক্তব্যে গাজীপুর-৫ আসনের সংসদ সদস্য একেএম ফজলুল হক মিলন বলেন, কৃষক দেশের অর্থনীতি ও খাদ্যনিরাপত্তার অন্যতম প্রধান ভিত্তি। কৃষকের জীবনমানের উন্নয়ন ছাড়া দেশের সামগ্রিক উন্নয়ন টেকসই হতে পারে না। কৃষকদের পাশে দাঁড়াতে এবং তাদের উৎপাদন বাড়াতে সরকার বিভিন্ন কর্মসূচি গ্রহণ করেছে। ‘কৃষক কার্ড’ তারই একটি গুরুত্বপূর্ণ উদ্যোগ।
জেলা প্রশাসক মো. নুরুল করিম ভূঁইয়া বলেন, কৃষক কার্ডের মাধ্যমে কৃষকদের জন্য সরকারের বিভিন্ন সুযোগ-সুবিধা আরও সহজ ও সুশৃঙ্খলভাবে পৌঁছে দেওয়ার সুযোগ তৈরি হবে। প্রধানমন্ত্রীর নেতৃত্বে আমরা সবাই দেশকে এগিয়ে নেব। এ সময় উপস্থিত ছিলেন পুলিশ সুপার মোহাম্মদ জসীম উদ্দিন, কালীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা এটিএম কামরুল ইসলাম, সহকারী কমিশনার (ভূমি) আল-আমিন হালদার, কালীগঞ্জ থানার ওসি মো. জাকির হোসেনসহ স্থানীয় বিএনপির নেতা, প্রশাসনের কর্মকর্তা, গণমাধ্যমকর্মী ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।