কুমিল্লায় দিনমজুরকে ছুরিকাঘাতে হত্যা

কুমিল্লার দেবীদ্বারে বাঁশঝাড়ের মালিকানা নিয়ে বিরোধের জেরে শফিকুল ইসলাম (৪৫) নামে এক দিনমজুরকে ছুরিকাঘাতে হত্যার অভিযোগ উঠেছে। গতকাল বৃহস্পতিবার বিকেলে উপজেলার জাফরগঞ্জ ইউনিয়নের বারুর গ্রামের এনু মেম্বারের বাড়ির বাঁশঝাড়ে এ ঘটনা ঘটে। নিহত শফিকুল ইসলাম ওই গ্রামের মৃত মহাজ উদ্দিনের ছেলে। তিনি দিনমজুরের পাশাপাশি বাঁশ দিয়ে ওড়া, খাঁচি, চালুনিসহ বিভিন্ন হস্তশিল্প তৈরি করে বাজারে বিক্রি করতেন।

স্থানীয় বাসিন্দাদের সঙ্গে কথা বলে জানা গেছে, ঘটনার দিন বিকেলে বাড়ির পাশের একটি বাঁশঝাড়ে বাঁশ কাটতে যান শফিকুল। এ সময় প্রতিবেশী মৃত এনু মেম্বারের ছেলে লিমন ও তার বড় ভাই নজরুল ইসলামের ছেলে নিশাদ তাকে বাঁশ কাটতে বাধা দেন। শফিকুল ওই বাঁশঝাড় নিজের বলে দাবি করলে তাদের মধ্যে কথা কাটাকাটি হয়। একপর্যায়ে হাতাহাতিতে জড়িয়ে পড়েন তারা। এ সময় নিশাদ হাতুড়ি দিয়ে শফিকুলকে পেটান এবং দা দিয়ে আঘাত করেন। পরে লিমন ছুরি দিয়ে শফিকুলের পেটে আঘাত করেন। এতে তিনি গুরুতর আহত হন। পরে স্থানীয় লোকজন শফিকুলকে উদ্ধার করে দেবীদ্বার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। তার পেটের ক্ষতস্থান থেকে বের হয়ে আসা অংশ গামছা দিয়ে পেঁচিয়ে তাকে হাসপাতালে নেওয়া হয়।

সেখানে যাওয়ার পর কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এ বিষয়ে দেবীদ্বার থানার ওসি মো. মনিরুজ্জামান বলেন, বাঁশ কাটা কেন্দ্র করে দুপক্ষের বিরোধের জেরে সংঘর্ষে শফিকুল নামে এক দিনমজুর ছুরিকাঘাতে নিহত হয়েছেন। খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।