বাবা-ছেলেসহ সড়কে ঝরল ছয় প্রাণ

দেশের বিভিন্ন জেলায় পৃথক সড়ক দুর্ঘটনায় বাবা-ছেলেসহ ছয়জন নিহত হয়েছেন। আহত হয়েছেন বেশ কয়েকজন। প্রতিনিধিদের পাঠানো খবর : 

চাঁপাইনবাবগঞ্জ : চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার কানসাট-চৌডালা সড়কের মিনুবাজার এলাকায় গরুবাহী ভটভটি উল্টে বাবা-ছেলেসহ তিনজন নিহত হয়েছেন। নিহতরা হচ্ছেন শিবগঞ্জ উপজেলার পুলিশ মাইল ঝাবুবাজার গ্রামের আয়েশ উদ্দীন (৭৫) ও তার ছেলে শরিফে ইসলাম (৪৪) এবং শিবনারায়ণপুর গ্রামের আব্দুল হামিদ (৪০)।

শিবগঞ্জ থানার অফিসার ইনচার্জ ওসি মতিউর রহমান জানান, গত বুধবার সন্ধ্যা সোয়া ৬টার দিকে কানসাট-চৌডালা সড়কের মিনুবাজার এলাকায় নাচোল সোনাইচ-ি হাট থেকে আসা গরুবাহী ভটভটি উল্টে সড়কের পাশে খাদে পড়ে যায়। এতে ভটভটি আরোহী ১০ গরু ব্যবসায়ী আহত হয়। পুলিশ ও স্থানীয়রা ঘটনাস্থল থেকে দ্রুত তাদের উদ্ধার করে শিবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে এলে চিকিৎসাধীন অবস্থায় আয়েশ, শরিফুল ও হামিদ মারা যায়। আহতদের মধ্যে পাঁচজনকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হয়েছে। বাকিরা শিবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছে।

ঝিনাইদহ : ঝিনাইদহের কালিগঞ্জ ও মহেশপুর উপজেলায় আলাদা সড়ক দুর্ঘটনায় দুইজন নিহত হয়েছেন। সে সময় আহত হয়েছেন আরও অন্তত ৪ জন। গতকাল বৃহস্পতিবার সকালে কালীগঞ্জ পৌরসভার সাব-রেজিস্ট্রি অফিসের সামনে ও মহেশপুরে উপজেলার কুল্লাপাড়ায় এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন কালীগঞ্জ পৌরসভার কসাইখানা পরিদর্শক আ স ম আব্দুস সামাদ ও ভ্যানচালক মামুন হোসেন। প্রাথমিকভাবে আহতদের পরিচয় পাওয়া যায়নি।

পুলিশ ও স্থানীয়রা জানায়, সকালে কালীগঞ্জ পৌরসভার কসাইখানা পরিদর্শক আব্দুস সামাদ মোটরসাইকেলে বৈশাখী তেল পাম্পের সামনে থেকে অফিসে যাচ্ছিল। পথে সাব-রেজিস্ট্রি অফিসের সামনে পৌঁছালে খুলনা থেকে কুষ্টিয়াগামী রূপসা পরিবহনের একটি বাস তাকে চাঁপা দিয়ে অপর একটি ইজিবাইকে ধাক্কা দেয়। এতে আব্দুস সামাদ ও ইজিবাইক চালক নুর হোসেন গুরুতর আহত হয়। তাদের উদ্ধার করে কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক আব্দুস সামাদকে মৃত ঘোষণা করে। আহত ইজিবাইক চালককে হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। অন্যদিকে মহেশপুর উপজেলার কুল্লাপাড়া গ্রামের মসজিদের সামনে ইটভাটার মাটি টানা ট্রাক্টরের ধাক্কায় মামুন হোসেন নামের এক ভ্যানচালক নিহত হয়েছেন। আহত হয়েছে আরও তিনজন।

গজারিয়া (মুন্সীগঞ্জ) : মুন্সীগঞ্জে গজারিয়ায় মোটরসাইকেল দুর্ঘটনায় চালকের মরদেহ উদ্ধার করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার দুপুর পৌনে ১২টার দিকে উপজেলাধীন ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের আনারপুরা এলাকায় ইউটার্নে কুমিল্লামুখী লেনে অজ্ঞাত একটি যানবাহনের চাপায় বিল্লাল হোসেন (৩৮) নামে এক মোটরসাইকেল চালক নিহত হয়েছেন। নিহত বিল্লাল হোসেন নারায়ণগঞ্জের আড়াইহাজার উপজেলার কালাপাহাড়িয়া ইউনিয়নের রাধানগর এলাকার আব্দুল মান্নানের ছেলে। তার ‘মদিনা ইলেকট্রনিকস’ নামে একটি দোকান রয়েছে। দোকানের পণ্য আনতে মোটরসাইকেলযোগে ঢাকার উদ্দেশে যাচ্ছিলেন তিনি। দুর্ঘটনার পর স্থানীয়রা তাকে উদ্ধার করে গজারিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে জরুরি বিভাগের দায়িত্বরত চিকিৎসক খন্দকার আরশাদ কবির মৃত ঘোষণা করেন। চিকিৎসক খন্দকার আরশাদ কবির বলেন, ‘মাথায় গুরুতর আঘাত ও অতিরিক্ত রক্তক্ষরণের কারণে হাসপাতালে আনার পরই তার মৃত্যু হয়।’ ভবেরচর হাইওয়ে থানার ওসি মনিরুজ্জামান খান বলেন, দুর্ঘটনার পর ঘাতক যানবাহনটি শনাক্তের চেষ্টা চলছে। নিহতের মরদেহ বর্তমানে থানায় রয়েছে।