মৃত ৫ ব্যক্তি আসামি!

পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলায় অবৈধভাবে বালি-পাথর উত্তোলনের অভিযানে মেশিন জব্দের ঘটনার মামলায় কয়েক দশক আগে মারা যাওয়া মৃত পাঁচ ব্যক্তির বিরুদ্ধে মামলা করার অভিযোগ উঠেছে।

জানা যায়, গত ১৫ সেপ্টেম্বর তেঁতুলিয়া উপজেলার ভজনপুর ইউনিয়নের পোহাতুগছ এলাকায় অবৈধভাবে পাথর-বালি উত্তোলনের অভিযোগে অভিযান চালায় উপজেলা সহকারী কমিশনার (ভূমি) এসএম আকাশ। অভিযানে তিনটি মেশিন জব্দ করা হয়। ওই রাতেই ভজনপুর ইউনিয়নের তহশিলদার মানিক চন্দ্র বর্মণ ২২ জনকে আসামি করে খনি ও খনিজসম্পদ ১৯৯২-এর ৫ ধারায় একটি মামলা করেন। মামলার এজাহারে দেখা যায়, মামলার ১নং আসামি ভজনপুর ইউনিয়নের কাউরগছ এলাকার ফয়জুল হক ওরফে ফজলু মেম্বার প্রায় ৩০-৩৫ বছর আগে মারা গেছেন। ২নং আসামি করা হয়েছে তার আপন মৃত দাদা মহর আলীকে। তিনিও প্রায় ৪০-৪৫ বছর আগে মারা গেছেন। ৫নং আসামি হচ্ছেন মাহমুদ উদ্দিন, তিনিও মারা গেছেন বহু বছর আগে ১০নং আসামি রমজান আলী ও ১৪ নম্বর মজিবর রহমানও মারা গেছেন কয়েক দশক আগে। স্থানীদের অভিযোগ, ওই এলাকায় দীর্ঘদিন ধরে মেশিন দিয়ে বালি-পাথর উত্তোলন করা হলেও অভিযানে মাত্র ৩টি মেশিন জব্দ করা হয়েছে। একই সঙ্গে যারা জড়িত, তাদের বিরুদ্ধে ব্যবস্থা না নিয়ে মৃত ও নিরপরাধ ব্যক্তিদের মামলায় আসামি করা হয়েছে। প্রকৃত দায়ীদের আড়াল করার চেষ্টা হিসেবে এটা করা হয়েছে অভিযোগ করে প্রশাসনের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছেন স্থানীয়রা।