রাশিয়া থেকে ইউরেনিয়াম আসতে পারে আজ

সবকিছু ঠিকঠাক থাকলে আজ শুক্রবার রাশিয়া থেকে ঢাকায় আসবে রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের দ্বিতীয় ইউনিটের জ¦ালানির প্রথম চালান। সকাল ১০টা থেকে বেলা ১১টার মধ্যে চালানটি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আসার কথা রয়েছে।

বিদ্যুৎকেন্দ্রটির নির্মাতা প্রতিষ্ঠান রাশিয়ার ঢাকার কার্যালয়ের একটি সূত্র জানায়, গতকাল, অর্থাৎ বৃহস্পতিবার, রাত ১১টায় রাশিয়া থেকে ইউরেনিয়ামবাহী কার্গো বিমানটি বাংলাদেশে আসার কথা থাকলেও রাশিয়া থেকে শেষ সময়ে জানানো হয়েছে, তারা আসছে না। এর আগে গত ২৪ সেপ্টেম্বর চালানটি আসার কথা থাকলেও পাকিস্তান তার আকাশসীমা ব্যবহারের অনুমতি না দেওয়ায় চালানটি বাংলাদেশে আসেনি।

এই ঘটনায় রোসাটম এবং ঢাকায় পাকিস্তান দূতাবাস পৃথক বিবৃতি দিয়েছে। রোসাটম তাদের বিবৃতিতে জানিয়েছে, অক্টোবর থেকে ডিসেম্বর পর্যন্ত সময়ে দ্বিতীয় ইউনিটের জ্বালানির চালান বাংলাদেশে আসবে। অন্যদিকে পাকিস্তান দূতাবাস বলছে, বিষয়টিতে কোনো রাজনৈতিক কারণ ছিল না। কারিগরি কারণে ওই দিন অনুমতি দেওয়া হয়নি। রোসাটমের ঢাকা কার্যালয়ের একটি সূত্র জানিয়েছে, পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের জ্বালানি পরিবহন একটি স্পর্শকাতর বিষয়। ফলে কখন জ্বালানির চালানটি কোন জায়গা থেকে রওনা দেবে, তা যেমন প্রকাশ করা হয় না, তেমনি কোন রুটে এটি যাবে, তাও প্রকাশ করা হয় না। এমনকি বিমানটি আকাশে উড্ডয়নের পর বিমানের এয়ার ট্রাফিক ট্রান্সপন্ডার বন্ধ করে রাখা হয়।

সূত্র বলছে, রাশিয়ার নভোসিবিরস্ক থেকে পারমাণবিক জ্বালানিবাহী কার্গো বিমানটি আজারবাইজান, কাজাখস্তান, পাকিস্তান ও ভারত হয়ে বাংলাদেশে প্রবেশ করবে। তবে নভোসিবিরস্ক থেকে ঢাকা আসার মাঝপথে একবার বিমানের রিফুয়েলিং করতে হয়। এরপর ঢাকা বিমানবন্দর থেকে গাজীপুর, বঙ্গবন্ধু সেতু, নাটোরের বনপাড়া, ঈশ্বরদী হয়ে আগামীকাল সড়কপথে রূপপুরে পৌঁছাবে চালানটি।