সাংবাদিকের বিরুদ্ধে মামলা প্রত্যাহারে আলটিমেটাম

বাংলাদেশ ক্রাইম রিপোর্টার্স অ্যাসোসিয়েশনের সাবেক সভাপতি কামরুজ্জামান খানের বিরুদ্ধে দায়েরকৃত মামলা প্রত্যাহারে ১০ দিনের আলটিমেটাম দিয়েছে ক্র্যাব। গতকাল বৃহস্পতিবার ঢাকা রিপোর্টার্স ইউনিটি চত্বরে মানববন্ধন কর্মসূচিতে এই আলটিমেটাম দেওয়া হয়। ক্র্যাব সাধারণ সম্পাদক এম এম বাদশাহর সঞ্চালনায় ক্র্যাব সভাপতি মির্জা মেহেদী তমাল এই আলটিমেটাম ঘোষণা করেন।

বক্তারা বলেন, কামরুজ্জামানের বিরুদ্ধে উদ্দেশ্যপ্রণোদিত মামলা করা হয়েছে। কোনো তদন্ত ছাড়াই এই মামলা দায়েরের সঙ্গে যারা জড়িত তাদের বিষয়ে তদন্ত করে ব্যবস্থা নেওয়ার দাবি জানান বক্তারা। এ ছাড়া ক্র্যাব সদস্য এইচএম ফারুকের বিরুদ্ধে রাঙ্গামাটিতে দায়ের হওয়া মামলাও প্রত্যাহারের দাবি জানানো হয়। তারা বলেন, কোনো একটি পক্ষের উদ্দেশ্য সাধনে সাংবাদিকের বিরুদ্ধে মামলা দেওয়া হয়েছে। কীভাবে সাভার থানার ওসি মামলা তা খতিয়ে দেখতে সরকারকে আহ্বান জানানো হয় মানববন্ধনে। বক্তারা বলেন, বর্তমান সরকার জনবান্ধব ও সাংবাদিকবান্ধব সরকার। আগামী ১০ দিনের মধ্যে কামরুজ্জামান খানের বিরুদ্ধে দায়েরকৃত মামলা প্রত্যাহার না হলে কঠোর কর্মসূচির হুঁশিয়ারি দেন নেতারা।

মানববন্ধন কর্মসূচিতে বক্তব্য রাখেন, ক্র্যাবের সাবেক সাধারণ সম্পাদক সরোয়ার আলম, মাহবুব আলম লাবলু, আলাউদ্দিন আরিফ, ক্র্যাবের উপদেষ্টা ইকরামুল কবীর টিপু, ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) সাবেক যুগ্ম সম্পাদক নাদিয়া শারমিন, ক্র্যাবের অর্থ সম্পাদক আমিনুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক নেহাল হাসনাইন, আন্তর্জাতিক সম্পাদক হাবিবুল্লাহ মিজান, সাবেক সাংগঠনিক সম্পাদক শাহরিয়ার আরিফ প্রমুখ।