রাজধানীর গুলশান, বনানী ও উত্তরাসহ দেশের বিভিন্ন স্থানে বার ও অ্যালকোহল পরিবেশনকারী প্রতিষ্ঠানগুলোকে রাত ১১টার মধ্যে বন্ধ নিশ্চিত করতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশনা চেয়ে উচ্চ আদালতে রিট আবেদন করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার সুপ্রিম কোর্টের আইনজীবী এস এম জুলফিকুর আলী জুনু হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় এ রিট আবেদনটি করেন। আবেদনে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দুই সচিব, পুলিশের মহাপরিদর্শক (আইজিপি), মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের মহাপরিচালক, ঢাকা মহানগর পুলিশ কমিশনার (ডিএমপি), জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) চেয়ারম্যান এবং ঢাকা কাস্টম হাউজের কমিশনারকে বিবাদী করা হয়েছে।
আবেদনে আইনজীবী বলেছেন, যেসব বার বা অ্যালকোহল পরিবেশনকারী প্রতিষ্ঠানের ক্ষেত্রে বৈধ লাইসেন্স, সরকারি প্রজ্ঞাপন, আদেশ, বিধি বা অন্য কোনো আইনগত দলিলে বন্ধের নির্দিষ্ট সময় নির্ধারিত রয়েছে, তা কঠোর ও অভিন্নভাবে বাস্তবায়ন করতে হবে। পাশাপাশি দেশে সব বারের জন্য বর্তমানে কোনো অভিন্ন জাতীয় বন্ধের সময় নির্ধারিত না থাকলে রাত ১১টার মধ্যে বার ও অ্যালকোহল পরিবেশন বন্ধ করার একটি অভিন্ন নীতি চালুর নির্দেশনার আরজি জানান রিটকারী আইনজীবী। তিনি বলেন, কিছু হোটেল, ক্লাব, বার ও বিনোদনকেন্দ্রে অনুমোদনহীন ডিজে অনুষ্ঠান বা অন্যান্য বিনোদনমূলক কার্যক্রম পরিচালনার অভিযোগ রয়েছে।