দেশ রূপান্তরে সংবাদ প্রকাশ

সরেই যেতে হলো সেই পিডিকে

রাঙ্গামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (রাবিপ্রবি) প্রকল্প পরিচালক (পিডি) আব্দুল গফুরকে দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। তার স্থলে প্রকল্প পরিচালকের অতিরিক্ত দায়িত্ব দেওয়া হয়েছে বিশ্ববিদ্যালয়ের প্রো-ভাইস চ্যান্সেলর ড. মো. শফিকুল ইসলামকে।

গতকাল বৃহস্পতিবার শিক্ষা মন্ত্রণালয়ের এক অফিস আদেশে জানানো হয়, আব্দুল গফুরকে প্রকল্প পরিচালকের দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়। একই আদেশে প্রো-ভাইস চ্যান্সেলর ড. মো. শফিকুল ইসলামকে ভারপ্রাপ্ত প্রকল্প পরিচালক হিসেবে অতিরিক্ত দায়িত্ব দেওয়া হয়েছে। অফিস আদেশে উল্লেখ করা হয়, বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন কর্র্তৃক প্রেরিত সুপারিশের আলোকে উপ-উপাচার্যকে পিডি হিসেবে অতিরিক্ত দায়িত্ব দেওয়া হয়েছে। এ ছাড়া গত ১৭ সেপ্টেম্বর ২০২৪ তারিখে ভারপ্রাপ্ত প্রকল্প পরিচালক হিসেবে আব্দুল গফুরকে যে অতিরিক্ত দায়িত্ব দেওয়া হয়েছিল, তা থেকে তাকে প্রত্যাহার করা হলো।

এর আগে গত ২৬ আগস্ট ‘বরখাস্ত পিডি মন্ত্রণালয়ের প্রভাবে ফের চেয়ারে’ শিরোনামে প্রতিবেদন প্রকাশ করে দেশ রূপান্তর। এতে রাঙ্গামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ১৬৪ কোটি ৩০ লাখ টাকার উন্নয়ন প্রকল্পের ভারপ্রাপ্ত প্রকল্প পরিচালক আব্দুল গফুরকে ঘিরে ওঠা অভিযোগ এবং সাময়িক বরখাস্তের পর পুনরায় দায়িত্বে ফেরার বিষয় তুলে ধরা হয়। দায়িত্বে ফেরাতে মন্ত্রণালয়ের একজন কর্মকর্তা ও এক যুগ্ম সচিব কলকাঠি নাড়েন।