কৃষককে যত সুবিধা দেওয়া যাবে ততই আমাদের মঙ্গল: মুশফিকুর রহমান

ব্রাহ্মণবাড়িয়া-৪ (কসবা-আখাউড়া) আসনের সংসদ সদস্য ও অর্থ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি মুশফিকুর রহমান বলেছেন, ১৯৭১ সালে আমরা যখন স্বাধীনতা পাই তখন আমাদের জনসংখ্যা ছিল সাত কোটি। আর এখন ২০ কোটি। কৃষকরা আমাদের খাইয়ে বাঁচিয়ে রেখেছে। কাজেই কৃষককে যত সুবিধা দেওয়া যাবে ততই আমাদের মঙ্গল।

সেজন্যই প্রধানমন্ত্রী তারেক রহমান নির্বাচনের আগে যে ওয়াদা করেছিলেন কৃষি কার্ড দেওয়ার তা তিনি পূরণ করেছেন। প্রধানমন্ত্রী তারেক রহমানের ফেনীতে কৃষক কার্ড বিতরণ অনুষ্ঠান ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় উপজেলা পরিষদ মিলনায়তনে ভার্চুয়ালি সম্প্রচার অনুষ্ঠান শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।  

কৃষক কার্ডের সুবিধা সম্পর্কে মুশফিকুর রহমান এমপি আরও বলেন, এই কার্ডের মাধ্যমে কৃষক সার, বীজ পাবেন। ন্যায্য মূল্যে কৃষি উপকরণ পাবেন। কৃষি কার্ডের মাধ্যমে ব্যাংক ঋণ নেওয়া সহজ হবে। এরকম ১০ রকমের সেবা পাবেন কৃষকরা।

এর আগে ফেনীতে প্রধানমন্ত্রীর কৃষক কার্ড উদ্বোধন শেষে আখাউড়ায় ৪ জন কৃষকের হাতে কার্ড তুলে দেন অতিথিরা। আখাউড়ায় ১ হাজার ৮৫১ জন কৃষক কার্ড পাবে। এরমধ্যে পুরুষ ১২৩৮ ও মহিলা ৬১৩। কৃষি কার্ডের সুবিধা হিসেবে নিজ নিজ একাউন্টে ২৫০০ টাকা পেয়েছেন কৃষকরা।   

উপজেলা প্রশাসন ও কৃষি অফিসের আয়োজনে ভার্চুয়াল অনুষ্ঠান সম্প্রচারের আয়োজন করা হয়।

এসময় আরও  উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ আবুসাঈদ, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর ব্রাহ্মণবাড়িয়া জেলার উপ পরিচালক ড. মোস্তাফা এমরান হোসেন উপজেলা নির্বাহী অফিসার তাপসী রাবেয়া, উপজেলা কৃষি কর্মকর্তা মাসুদ রানা, জেলা বিএনপির সাবেক সহ সভাপতি নাছির উদ্দিন হাজারী, জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আবুল মনসুর মিশন,  জেলা বিএনপির সদস্য খন্দকার মো. বিল্লাল হোসেন, উপজেলা বিএনপির সভাপতি মো. জয়নাল আবেদীন, সাধারণ সম্পাদক  ডা: মো. খোরশেদ আলম ভূইয়া,. পৌর বিএনপির সভাপতি মো. সেলিম ভূইয়া, সাধারণ সম্পাদক মো. আক্তার খান, আখাউড়া থানার ওসি মো. জাবেদ উল ইসলাম প্রমুখ।

এছাড়াও বিএনপি ও অঙ্গ সংগঠনের বহু নেতাকর্মীসহ প্রশানের বিভিন্ন দপ্তরের কর্মকর্তরা উপস্থিত ছিলেন।