বেলকুচিতে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে মাদরাসা শিক্ষার্থীর মৃত্যু

সিরাজগঞ্জের বেলকুচিতে ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে চিকিৎসাধীন অবস্থায় এক কিশোরের মৃত্যু হয়েছে। শুক্রবার (২ অক্টোবর) ভোরে ঢাকার ইসলামী ব্যাংক হাসপাতালে সে শেষ নিশ্বাস ত্যাগ করে।

নিহত কিশোরের নাম মো. শাফিন (১২)। সে বেলকুচি উপজেলার ধুকুরিয়াবেড়া ইউনিয়নের কলাগাছি গ্রামের মো. সাখাওয়াত হোসেনের (মিঠু) ছোট ছেলে।

পারিবারিক ও স্থানীয় সূত্রে জানা যায়, ৬ দিন আগে হঠাৎ জ্বরে আক্রান্ত হয়ে শাফিনের শরীর প্রচণ্ড দুর্বল হয়ে পড়ে। পরীক্ষার পর তার ডেঙ্গু শনাক্ত হলে পরিবারের সদস্যরা তাকে সিরাজগঞ্জের ‘আভিসিনা হাসপাতালে’ ভর্তি করেন। সেখানে দুদিন চিকিৎসার পরও শারীরিক অবস্থার উন্নতি না হওয়ায় চিকিৎসকদের পরামর্শে তাকে এনায়েতপুর খাজা ইউনুস আলী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়।

সেখানেও দুদিন চিকিৎসাধীন থাকার পর চিকিৎসকেরা জানান, ডেঙ্গুর জটিলতায় তার লিভারে সমস্যা দেখা দিয়েছে এবং তাকে দ্রুত ঢাকায় স্থানান্তরের পরামর্শ দেন।

নিহতের চাচা শাহাদত হোসেন জানান, চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী গত বৃহস্পতিবার (১ অক্টোবর) রাতে তারা অ্যাম্বুলেন্সযোগে শাফিনকে নিয়ে ঢাকার উদ্দেশ্যে রওনা হন। ঢাকার বিভিন্ন হাসপাতালে শয্যা না পেয়ে শেষ পর্যন্ত ইসলামী ব্যাংক হাসপাতালে তাকে ভর্তি করা হয়। সেখানেই চিকিৎসাধীন অবস্থায় শুক্রবার ফজরের নামাজের পর তার মৃত্যু হয়।

এদিকে, কোমলমতি এই হাফেজের অকালমৃত্যুতে পরিবার ও স্থানীয় এলাকাবাসীর মধ্যে গভীর শোকের ছায়া নেমে এসেছে।