দুমকিতে ইয়াবা বহনের অভিযোগে যুবক আটক

পটুয়াখালীর দুমকি উপজেলার লেবুখালী পায়রা সেতু টোলপ্লাজা সংলগ্ন পুলিশ চেকপোস্টে অভিযান চালিয়ে ১২৫ পিস ইয়াবা ট্যাবলেটসহ এক যুবককে আটক করেছে পুলিশ। বৃহস্পতিবার (১ অক্টোবর) রাত সাড়ে ৯টার দিকে এ অভিযান পরিচালনা করা হয়।

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে দুমকি থানার একটি দল লেবুখালী টোলপ্লাজা এলাকায় চেকপোস্ট ডিউটি জোরদার করে। রাত প্রায় ৯টায় বরিশাল দিক থেকে আসা একটি রুপালি রঙের প্রাইভেটকার থামিয়ে তল্লাশি চালানো হয়। এ সময় গাড়ির যাত্রী সেজে থাকা এক ব্যক্তির আচরণ সন্দেহজনক মনে হলে তাকে জিজ্ঞাসাবাদ করা হয়।

একপর্যায়ে তিনি নিজের কাছে ইয়াবা থাকার কথা স্বীকার করেন। পরে উপস্থিত সাক্ষীদের সামনে তার পরিহিত প্যান্টের পকেট থেকে ১২৫ পিস কমলা রঙের ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। উদ্ধারকৃত ইয়াবার ওজন প্রায় ১২ দশমিক ৫ গ্রাম এবং আনুমানিক বাজারমূল্য ৬২ হাজার ৫০০ টাকা বলে জানিয়েছে পুলিশ।

আটক ব্যক্তি মো. নাহিদুল ইসলাম ওরফে নওশাদ (২৮)। তিনি মানিকগঞ্জ জেলার দৌলতপুর থানার চক মিরপুর এলাকার বাসিন্দা। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি জানান, মানিকগঞ্জ থেকে ইয়াবা সংগ্রহ করে বাউফল এলাকায় বিক্রির উদ্দেশ্যে নিয়ে আসছিলেন। তবে প্রাইভেটকারের চালক এ বিষয়ে কিছু জানতেন না বলেও তিনি দাবি করেন। এ ঘটনায় দুমকি থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে।

দুমকি থানার অফিসার ইনচার্জ মো. সেলিম উদ্দিন জানান, মাদকের বিরুদ্ধে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে এবং আটক ব্যক্তির বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে।