বাগেরহাট জেলা কারাগারে সকালের নাস্তা খাওয়ার সময় নাশকতার মামলার আসামি চাঁনমিঞা ফকির (৫০) নামের এক হাজতির মৃত্যু হয়েছে। শুক্রবার (২ অক্টোবর) সকালে তিনি হঠাৎ অসুস্থ হয়ে মারা যান বলে দাবি করেছেন জেল সুপার মোস্তফা কামাল।
তিনি জেলার মোরেলগঞ্জ উপজেলার উত্তর ফুলহাতা গ্রামের হেলাল উদ্দীন ফকিরের ছেলে। গত ২৬ সেপ্টেম্বর মোরেলগঞ্জ থানার একটি নাশকতার মামলায় গ্রেপ্তার হয়ে তিনি জেলা কারাগারে আসেন।
বাগেরহাট জেলা কারাগারের জেল সুপার মোস্তফা কামাল দুপুরে দেশ রূপান্তরকে বলেন, ‘শুক্রবার সকাল পৌনে আটটার দিকে হাজতিদের খাবার দেওয়া হয়। এ সময় চাঁনমিঞা তার ওয়ার্ডে বসে সকালের নাস্তা খাওয়ার সময় হঠাৎ অসুস্থ হয়ে পড়েন। কারারক্ষীরা তাকে উদ্ধার করে জেলা হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।’
তিনি আরও জানান, জেলা হাসপাতাল মর্গে মরদেহের ময়নাতদন্ত সম্পন্ন হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পেলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।