বিএনপি সরকার কথায় নয় কাজে বিশ্বাসী: প্রতিমন্ত্রী আজাদ

পানিসম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ বলেছেন, বিএনপি সরকার কথায় নয় কাজে বিশ্বাসী। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ১৯৭৭ সালে খাল খননের কাজ শুরু করেছিলেন। আর কোন সরকার এর প্রয়োজনীয়তা মনে করেন নাই। তারেক রহমান সরকার দেশকে মরুভূমির হাত থেকে রক্ষায় খাল খননের উদ্যোগ নিয়েছে। 

শুক্রবার (২ অক্টোবর) দুপুরে পানি উন্নয়ন বোর্ডের আয়োজনে পঞ্চগড়ে ও ঠাকুরগাঁও জেলার নদীসমূহের টেকসই ব্যবস্থাপনা প্রকল্প (১ম অংশ) শীর্ষক প্রকল্পের আওতায় পঞ্চগড় জেলার বোদা উপজেলাধীন বন্দরমনি ও বোয়ালমারী নামক স্থানে করতোয়া নদীর ডান তীর বরাবর ১১৫০ মিটার নদী তীর প্রতিরক্ষা কাজের উদ্বোধনকালে এসব কথা বলেন তিনি। 

মন্ত্রী আরও বলেন, সাবেক প্রেসিডেন্ট জিয়াউর রহমান এই দেশের বন্যা ভূমিধস থেকে মানুষকে রক্ষা করার জন্য খাল খনন কর্মসূচি শুরু করেছিলেন। তারই ধারাবাহিকতায় তারেক রহমান সরকার নদী পাড়ের মানুষের দুঃখ দুর্দশার কথা চিন্তা করে নদীর পার রক্ষা বাধ নির্মাণে কাজ করে যাচ্ছেন। 

তিনি আরও বলেন, এখানে হিন্দু সনাতনীদের তীর্থস্থল হিসেবে বারূনি স্নান ঘাট নির্মাণ করা হচ্ছে, যেখানে নির্বিঘ্নে হিন্দু ধর্মাবলম্বী মানুষ তাদের ধর্মীয় অনুষ্ঠান পালন করতে পারবে। 

এ সময় পানি উন্নয়ন বোর্ডের বিভিন্ন কর্মকর্তা, রাজনৈতিক দলের নেতাকর্মীসহ স্থানীয় উপকারভোগীরা উপস্থিত ছিলেন।