পঞ্চগড় সদর উপজেলায় নবম শ্রেণিতে পড়ুয়া এক স্কুলছাত্রীকে ফুসলিয়ে ডেকে নিয়ে কথিত প্রেমিকের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় ক্ষোভে বিষপানে আত্মহত্যা করেছে ওই স্কুলছাত্রী।
পুলিশ অভিযুক্ত প্রেমিক সোহেল (২৫) ও তার সহযোগী ইজিবাইকচালক রফিকুল ইসলাম বাঘা মন্টু (২৩)কে গ্রেপ্তার করেছে। তাদের বাড়ি পঞ্চগড় সদর উপজেলার ভিতরগড় এলাকায়। সোমবার রাতে পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যায় ওই স্কুলছাত্রী। মঙ্গলবার তার মরদেহ ময়নাতদন্তে পাঠায় পুলিশ।
মামলার বিবরণ থেকে জানা যায়, স্কুলে যাতায়াতের পথে ওই স্কুলছাত্রীকে বিরক্ত করত সোহেল। একসময় ফুসলিয়ে প্রেমের সম্পর্ক গড়ে তোলে সে। গত ১০ সেপ্টেম্বর রাত ১০টায় একইভাবে ফুসলিয়ে তাকে বাড়ি থেকে রফিকুলের ইজিবাইকে তুলে নিয়ে যায় সোহেল। পরে তাকে রাজমহল পূর্ববাগান এলাকার আবু সায়েদের বাড়িতে নিয়ে তাদের সহযোগিতায় ধর্ষণ করে।
বিষয়টি গোপন রাখার হুমকি দিয়ে রাত ২টায় মডেলহাটগামী একটি ইজিবাইকে তুলে দেয় ওই স্কুলছাত্রীকে। তাকে একা পেয়ে ওই অজ্ঞাত ইজিবাইকচালক ও দুই যাত্রী তার স্পর্শকাতর স্থানে হাত দেয়। এ সময় অটো থেকে লাফিয়ে নেমে স্থানীয় এক টলিচালকের সহযোগিতায় রক্ষা পায় সে। পরে বাড়িতে কল করে বিষয়টি জানালে তার ভাই এসে তাকে বাড়ি নিয়ে যায়। প্রেমিক ডেকে নিয়ে ধর্ষণ করার রাগে-ক্ষোভে পরদিন সকালে বিষপান করে ওই স্কুলছাত্রী। তাকে উদ্ধার করে পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালে ভর্তি করা হয়। হাসপাতালে তিন দিন চিকিৎসাধীন থাকার পর সোমবার রাতে মারা যায়।
১৩ সেপ্টেম্বর পঞ্চগড় সদর থানায় সোহেলসহ তিনজনের নাম উল্লেখ করে মামলা করেন ওই স্কুলছাত্রীর বড় ভাই। ওই স্কুলছাত্রীর পরিবার এ ঘটনায় দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেছেন।
পঞ্চগড় সদর থানার পরিদর্শক (তদন্ত) আশীষ কুমার শীল বলেন, স্কুলছাত্রীকে অপহরণ ও ধর্ষণের অভিযোগে থানায় একটি মামলা হয়েছে। ইতিমধ্যে মামলার এজাহারনামীয় দুই আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। তদন্তের পাশাপাশি বাকি আসামিদের গ্রেপ্তারের অভিযান অব্যাহত রয়েছে।
পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালের আবাসিক মেডিক্যাল অফিসার ডা. রেজওয়ানুল্লাহ বলেন, বিষপান করায় ওই স্কুলছাত্রীকে হাসপাতালে আনা হয়। পরে আমরা জানতে পারি তাকে ধর্ষণ করা হয়েছে। চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়েছে। পরীক্ষা-নিরীক্ষার জন্য নমুনা সংগ্রহ করে মরদেহ ময়নাতদন্তে পাঠানো হয়।
শ্বশুরের হাতে ধর্ষিত গৃহবধূকে ঘর থেকে তাড়িয়ে দিলেন স্বামী
পঞ্চগড় সীমান্তে উত্তেজনা, যা জানা গেল