নেত্রকোনার কেন্দুয়ায় টাকা ছাড়া সিগারেট দিতে অস্বীকৃতি জানানোয় এক মুদি দোকানে পেট্রোল ঢেলে আগুন দেওয়ার অভিযোগ উঠেছে এক যুবকের বিরুদ্ধে। এতে দোকান মালিক ইব্রাহিম খলিল (৩৫) দগ্ধ হয়েছেন। প্রথমে তাকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। অবস্থার উন্নতি না হওয়ায় শুক্রবার তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনায় অভিযুক্ত মো. সুমনকে (৩০) আটক করেছে পুলিশ।
বৃহস্পতিবার (১ অক্টোবর) গভীর রাতে কেন্দুয়া উপজেলার কেন্দুয়া-আঠারবাড়ী সড়কের সান্দিকোনা ইউনিয়নের সাহিতপুর বাজারে এ ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, চেংজানা গ্রামের কদে নেওয়াজের ছেলে সুমন বৃহস্পতিবার রাতে সাহিতপুর বাজারে ইব্রাহিম খলিলের মুদি দোকানে গিয়ে টাকা না দিয়ে সিগারেট চান। দোকানি এতে অস্বীকৃতি জানালে তাঁদের মধ্যে বাগ্বিতণ্ডা শুরু হয়।
একপর্যায়ে দোকানের সামনে বিক্রির জন্য রাখা একটি বোতল থেকে পেট্রোল নিয়ে সুমন দোকানের ভেতরে ছিটিয়ে দেন বলে অভিযোগ করা হয়েছে। পরে গ্যাস লাইটার দিয়ে আগুন ধরিয়ে দিলে মুহূর্তেই দোকানে আগুন ছড়িয়ে পড়ে। এতে দোকানের বিভিন্ন মালামাল পুড়ে যায়। একই সঙ্গে দোকান মালিক ইব্রাহিম খলিলের শরীরেরও বেশ কিছু অংশ দগ্ধ হয়।
চিৎকার ও আগুন দেখে আশপাশের লোকজন এগিয়ে এসে দগ্ধ ইব্রাহিমকে উদ্ধার করেন। পরে স্থানীয় লোকজন ও পুলিশ তাঁকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়।
এদিকে দোকানের সিসিটিভি ক্যামেরার ফুটেজ পর্যালোচনা করে শুক্রবার অভিযান চালিয়ে পাশের এলাকা সহিলহাটি থেকে সুমনকে আটক করে পুলিশ।
কেন্দুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. তারিকুল ইসলাম বলেন, ‘সাক্ষ্য-প্রমাণের ভিত্তিতে পাশের গ্রাম থেকে সুমনকে আটক করা হয়েছে। দোকান মালিকের অবস্থা আশঙ্কাজনক। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন। তবে এলাকার বর্তমান পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।’