চট্টগ্রামে প্রবর্তক সংঘের নবনির্মিত পূজামণ্ডপ উদ্বোধন

চট্টগ্রামের ঐতিহ্যবাহী মানবসেবামূলক প্রতিষ্ঠান প্রবর্তক সংঘের নবনির্মিত পূজামণ্ডপ উদ্বোধন করা হয়েছে। শুক্রবার (২ অক্টোবর) সকালে ধর্মীয় আচার-অনুষ্ঠানের মধ্য দিয়ে মণ্ডপের উদ্বোধন করেন কৈবল্যধামের মহন্ত মহারাজ শ্রীমৎ কালীপদ ভট্টাচার্য্য। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন রামকৃষ্ণ মিশন সেবাশ্রম চট্টগ্রামের অধ্যক্ষ শ্রীমৎ স্বামী শক্তিনাথানন্দজী মহারাজ। পরে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

সভায় বক্তারা বলেন, প্রবর্তক সংঘে নতুন পূজামণ্ডপ নির্মাণের ফলে এখানকার শিক্ষার্থী ও বাসিন্দাদের মানবিক শিক্ষার পাশাপাশি আধ্যাত্মিক ভাবধারায় নিজেদের বিকশিত করার সুযোগ পাবে। একই সঙ্গে মানবকল্যাণে নিজেদের নিয়োজিত করার অনুপ্রেরণা পাবে।

উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত অতিথিরা নান্দনিক পূজামণ্ডপ নির্মাণের জন্য সংঘের বর্তমান কার্যকরী পরিষদকে সাধুবাদ জানান।

প্রবর্তক সংঘের সভাপতি বীর মুক্তিযোদ্ধা ইন্দু নন্দন দত্তের সভাপতিত্বে ও উদযাপন পরিষদের সমন্বয়ক প্রকৌশলী ঝুলন কুমার দাশ ও সংঘের আজীবন সদস্য অ্যাডভোকেট তৃষ্ণা ভট্টাচার্যে্যর সঞ্চালনায় আলোচনা সভায় বক্তব্য রাখেন পূজামণ্ডপ উদ্বোধন উপ-পরিষদের আহ্বায়ক অধ্যাপক বনগোপাল চৌধুরী, সংঘের সম্পাদক ও চক্ষু রোগ বিশেষজ্ঞ ডা. শ্রীপ্রকাশ বিশ্বাস, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক বেনু কুমার দে, চট্টগ্রাম শিক্ষা বোর্ডের সাবেক চেয়ারম্যান অধ্যাপক ড. পীষুশ দত্ত, সংঘের আজীবন সদস্য গোবিন্দ প্রসান মহাজন ও অমিত হোড়।

এতে উপস্থিত ছিলেন কার্যকরী পরিষদের সদস্য ড. রনজিত চৌধুরী, ডা. বিদ্যুৎ বিশ্বাস, লায়ন তপন কান্তি দত্ত, প্রকৌশলী প্রদীপ কুমার দাশ ও অ্যাডভোকেট পরিমল চন্দ্র বসাকসহ সংঘের আজীবন সদস্য, শিক্ষক-শিক্ষার্থী, শুভানুধ্যায়ী ও ভক্তরা।