‘আই ডোন্ট কেয়ার’—স্কুল ও হাসপাতালে আমি কঠোর হব: এমপি মাজেদ

‘পাঁচ বছর পর আমার কী হবে, আই ডোন্ট কেয়ার। স্কুল ও হাসপাতালের বিষয়ে আমি আরও কঠোর হব এবং জবাবদিহিতা নিশ্চিত করব।’—ময়মনসিংহ-৮ (ঈশ্বরগঞ্জ) আসনের সংসদ সদস্য প্রকৌশলী লুৎফুল্লাহেল মাজেদ বাবু এ কথা বলেছেন।

শুক্রবার (২ অক্টোবর) ঈশ্বরগঞ্জ বিশ্বেশ্বরী সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে ২০২৬ সালের এসএসসি ও সমমান পরীক্ষায় জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

মাজেদ বাবু বলেন, শিক্ষা ও স্বাস্থ্যসেবার মান বাড়াতে সংশ্লিষ্ট সবার জবাবদিহিতা নিশ্চিত করা প্রয়োজন। স্কুল ও হাসপাতালের বিষয়ে তিনি আরও কঠোর অবস্থান নেবেন এবং দায়িত্বশীলদের জবাবদিহিতার আওতায় আনার কথা জানান।

আগামী প্রজন্মকে শুধু পরীক্ষায় ভালো ফলাফল অর্জনকারী হিসেবে নয়, নৈতিকতা, মূল্যবোধ ও দায়িত্ববোধসম্পন্ন নাগরিক হিসেবে গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করেন তিনি। এ জন্য পরিবার, শিক্ষক ও সমাজকে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানান।

কৃতি শিক্ষার্থীদের উদ্দেশে সংসদ সদস্য বলেন, শুধু জিপিএ-৫ অর্জন করলেই হবে না, নৈতিকতা ও মূল্যবোধসম্পন্ন মানুষ হতে হবে। শিক্ষা অর্জনের পাশাপাশি দেশ ও সমাজের প্রতি দায়িত্ববোধ তৈরি করতে হবে।

অভিভাবকদের উদ্দেশে তিনি বলেন, সন্তানদের শিক্ষার ক্ষেত্রে ছেলে ও মেয়ের মধ্যে বৈষম্য করা উচিত নয়। বিশেষ করে মেয়েদের প্রাতিষ্ঠানিক শিক্ষার ক্ষেত্রে আরও বেশি গুরুত্ব দিতে হবে।

‘ঈশ্বরগঞ্জ সোসাইটি ফর সোশ্যাল অ্যাসিস্ট্যান্স (ইচ্ছা)’র উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে ২০২৬ সালের এসএসসি ও সমমান পরীক্ষায় জিপিএ-৫ পাওয়া উপজেলার ১৭০ শিক্ষার্থীকে সংবর্ধনা ও সম্মাননা দেওয়া হয়।

ঈশ্বরগঞ্জ বিশ্বেশ্বরী সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক এ.কে.এম. মোস্তফা কামালের সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন সংগঠনটির আহ্বায়ক ডা. আবুল হোসেন। সদস্য সচিব শহিদুল ইসলাম সেলিম অনুষ্ঠানটি সঞ্চালনা করেন।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক এ.কে.এম. আতিকুর রাজ্জাক ভূঁইয়া হীরা, সদস্য সচিব আমিরুল ইসলাম ভূঁইয়া মনি, রাজারবাগ পুলিশ হাসপাতালের সুপারিনটেনডেন্ট ডা. খুরশেদ আলম ভূঁইয়া জুয়েল, ব্যবসায়ী মজিবুর রহমান, ঢাকা উত্তরা উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক নূরুল ইসলাম তাঁরা এবং ঈশ্বরগঞ্জ থানার অফিসার ইনচার্জ সাজ্জাদ রোমন প্রমুখ।

এ ছাড়া উপজেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধান শিক্ষক, শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবকসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

পরে জিপিএ-৫ পাওয়া ১৭০ শিক্ষার্থীর হাতে সম্মাননা স্মারক তুলে দেওয়া হয়।