বাংলাদেশের প্রখ্যাত নাটক ও চলচ্চিত্র নির্মাতা অরুণ চৌধুরী দীর্ঘদিন পর আবার ক্যামেরার পেছনে ফিরলেন। চ্যানেল আই-এর ২৮ বছরে পদার্পণ উপলক্ষে কথাশিল্পী রাবেয়া খাতুনের গল্প অবলম্বনে তিনি নির্মাণ করেছেন বিশেষ নাটক ‘শঙ্খ সকাল প্রকৃতি’।
উত্তরার বিভিন্ন মনোরম লোকেশনে দুই দিনব্যাপী নাটকের দৃশ্যধারণ সম্পন্ন হয়েছে। এতে ‘প্রকৃতি’ চরিত্রে মডেলিং ও নাট্যাঙ্গনের নন্দিত তারকা সাদিয়া ইসলাম মৌ, ‘শঙ্খ’ চরিত্রে গুণী অভিনেতা আহসান হাবিব নাসিম এবং ‘সকাল’ চরিত্রে গোলাম কিবরিয়া তানভীর অভিনয় করেছেন। এছাড়া একটি বিশেষ চরিত্রে যুক্ত হয়েছেন ফারজানা চুমকি।
নাটকটি নিয়ে সাদিয়া ইসলাম মৌ জানান, নতুনত্ব ও ভালো গল্পের টানেই তিনি এতে যুক্ত হয়েছেন এবং কাজটি নিয়ে তিনি দারুণ আশাবাদী। আহসান হাবিব নাসিম বলেন, নৈতিক মূল্যবোধ ও শৈল্পিক রুচির অনন্য মেলবন্ধন ফুটে উঠেছে এই গল্পে।
অন্যদিকে, ছোটবেলার অনুকরণীয় তারকা মৌয়ের সঙ্গে স্ক্রিন শেয়ার করাকে এখনো ‘স্বপ্ন’ বলে মনে করেন তানভীর। অভিনয় ও এক্সপ্রেশনের অনেক খুঁটিনাটি তার কাছ থেকে শেখার সুযোগ পেয়েছেন বলেও জানান তিনি।
দৃশ্যায়ন ও অভিনয়ের সমৃদ্ধ সমন্বয়ে তৈরি ‘শঙ্খ সকাল প্রকৃতি’ খুব শিগগিরই চ্যানেল আইয়ের পর্দায় সম্প্রচারিত হবে।