আন্তর্জাতিক মঞ্চে বাংলা নাটক 

হৃদি হকের ‘আন্ধার জয়’

টেক্সাসের ইউনিভার্সিটি অ্যাভিনিউয়ের জর্জটাউন থিয়েটার হলে আগামীকাল ৪ অক্টোবর, রবিবার সন্ধ্যা ৬টায় উদ্বোধন হতে যাচ্ছে নাটক ‘আন্ধার জয়’। আইরিশ নাট্যকার লেডি গ্রেগরির ক্লাসিক নাটক ‘দ্য রাইজিং অব দ্য মুন’ অবলম্বনে এটি রূপান্তর ও নির্দেশনা দিয়েছেন নাট্যকার, অভিনেত্রী ও নির্দেশক হৃদি হক। বিভিন্ন দেশের নাট্যকর্মীদের নিয়ে আন্তর্জাতিক ‘অফ-ব্রডওয়ে’ ধাঁচের এই নতুন প্রযোজনা নিয়ে হৃদি হক জানান, অস্টিনের প্রায় ৫০ জন নাট্যকর্মীকে নিবিড় কর্মশালার মাধ্যমে প্রস্তুত করে নাটকটি মঞ্চে আনা হচ্ছে। মূল কাহিনির চেয়ে লেডি গ্রেগরির নাটকের অন্তর্নিহিত ভাবনা, বিশেষ করে ক্ষমতার আকাক্সক্ষা, বিবেকের তাড়না এবং মানুষের ভেতরের সুপ্ত আত্মপরিচয় জেগে ওঠার গল্পটি তাকে বেশি আকৃষ্ট করেছে। স্ক্রিপ্টিং থেকে প্রযোজনার প্রতিটি ধাপে আন্তর্জাতিক নাট্যকর্মীদের একটি সূত্রে গাঁথা বেশ চ্যালেঞ্জিং ছিল উল্লেখ করে তিনি জানান, নাটকটিতে ব্যঙ্গাত্মক সুর, গতিময় শারীরিক অঙ্গভঙ্গি, জটিল কোরিওগ্রাফি ও বৈচিত্র্যময় গায়কী সংযোজিত হয়েছে।

উদ্বোধনী আয়োজনে কোনো আনুষ্ঠানিকতা থাকছে না জানিয়ে নির্দেশক বলেন, থার্ড বেল বাজার সঙ্গে সঙ্গেই নাটকের সূচনা হবে। রাত, চাঁদের আলো ও দূর সমুদ্রের আবহ নিয়ে নাটকটি তৈরি, যা থিয়েটারে প্রবেশের মুহূর্ত থেকেই দর্শককে এক ভিন্ন নাট্যজগতে পৌঁছে দেবে।

প্রযোজনার নেপথ্যে আছেন সুর ও সংগীতে কামরুজ্জামান রনি, মঞ্চ পরিকল্পনায় সাজু খাদেম, প্রযোজনা ব্যবস্থাপনায় মুনির ফয়সাল, স্টেজ ব্যবস্থাপনায় থমাস ডিলরি এবং সার্বিক সহযোগিতায় অস্টিন নাট্যমঞ্চ প্রধান তাসনিম হোসেইন যুক্ত রয়েছেন।

হৃদি হকের নির্মিত চলচ্চিত্র ইতিমধ্যে বিশ্বের খ্যাতনামা আন্তর্জাতিক ফিল্ম ফেস্টিভ্যালগুলো থেকে সেরা চলচ্চিত্র ও সেরা নির্দেশকসহ বিভিন্ন শাখায় ৩০টিরও বেশি স্বীকৃতি লাভ করেছে। আন্তর্জাতিক মঞ্চ ও পর্দায় নিজের ভাষা এবং সংস্কৃতির এই বিশ্বব্যাপী মূল্যায়ন শিল্পচর্চায় এক বিশেষ অনুভূতি তৈরি করে বলে জানান তিনি।