বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের কোচিং প্যানেলে যোগ দিচ্ছেন দক্ষিণ আফ্রিকার মালিবংওয়ে মাকেতা। চলতি মাস থেকেই লিটন দাসদের সহকারী কোচের দায়িত্ব পালন করবেন ৪৬ বছর বয়সী এই কোচ। ২০২৮ সালের নভেম্বর পর্যন্ত তার সঙ্গে চুক্তি করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড।
সংযুক্ত আরব আমিরাতে বাংলাদেশ দলের সঙ্গে যোগ দেবেন মাকেতা। নতুন দায়িত্ব পাওয়ার পর নিজের উচ্ছ্বসিত এই প্রোটিয়া বলেন, ‘বাংলাদেশ জাতীয় দলের সহকারী কোচের দায়িত্ব গ্রহণ করতে পেরে আমি আনন্দিত। বিসিবি আমার ওপর যে আস্থা ও বিশ্বাস রেখেছে, তার জন্য আমি কৃতজ্ঞ। দলের সাফল্যে ইতিবাচকভাবে অবদান রাখার অপেক্ষায় আছি।’ বাংলাদেশের বর্তমান কোচিং স্টাফের সঙ্গে সমন্বয় করে কাজ করার বিষয়েও আগ্রহী মাকেতা, ‘আমাদের দলটি তরুণ ও সম্ভাবনাময়। ফিল (সিমন্স) ও অন্য কোচিং স্টাফদের সঙ্গে কাজ করে খেলোয়াড়দের সেরাটা বের করে আনতে তাদের উন্নয়নে সহযোগিতা করতে আমি মুখিয়ে আছি।’
মাকেতার কোচিং ক্যারিয়ার বেশ দীর্ঘ। দুই দশকের বেশি সময় ধরে ক্রিকেট কোচিংয়ের সঙ্গে যুক্ত তিনি। ক্রিকেট দক্ষিণ আফ্রিকার লেভেল-৪ কোচিং যোগ্যতা রয়েছে তার। দেশের ঘরোয়া ক্রিকেট থেকে শুরু করে আন্তর্জাতিক ও উচ্চ পারফরম্যান্স পর্যায়ে বিভিন্ন গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন তিনি। ২০১৭ থেকে ২০১৯ সাল পর্যন্ত দক্ষিণ আফ্রিকা জাতীয় দলের সহকারী কোচ ছিলেন মাকেতা। ২০১৯ সালের বিশ্বকাপেও প্রোটিয়াদের কোচিং স্টাফে ছিলেন তিনি। তার দায়িত্বের সময়ে অস্ট্রেলিয়া ও ভারতের বিপক্ষে টেস্ট সিরিজ জয়ের পাশাপাশি শ্রীলঙ্কা ও পাকিস্তানের বিপক্ষেও সিরিজ জয়ের অংশ ছিলেন মাকেতা।
জাতীয় দলের বাইরে দক্ষিণ আফ্রিকা ‘এ’ দলের প্রধান কোচ, অনূর্ধ্ব-১৯ দলের প্রধান কোচ এবং জাতীয় একাডেমির প্রধান কোচ হিসেবে দায়িত্ব পালন করেছেন। তরুণ ক্রিকেটারদের নিয়ে কাজ করার অভিজ্ঞতাও রয়েছে মাকেতার। সর্বশেষ দক্ষিণ আফ্রিকা অনূর্ধ্ব-১৯ দল ও জাতীয় একাডেমির দায়িত্বে ছিলেন তিনি। তার অধীনে ২০২৩-২৪ মৌসুমে প্রোটিয়া ইমার্জিং দল ক্রিকেট দক্ষিণ আফ্রিকার ওয়ানডে কাপের দ্বিতীয় বিভাগের শিরোপা জেতে। এ ছাড়া তার কোচিংয়ে দক্ষিণ আফ্রিকা অনূর্ধ্ব-১৯ দল আইসিসি অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের সেমিফাইনালেও খেলেছে। এবার সেই দীর্ঘ অভিজ্ঞতা নিয়েই বাংলাদেশের জাতীয় দলের কোচিং স্টাফে যুক্ত হচ্ছেন মাকেতা।