ক্লাব কাপ ওপেন তায়কোয়ান্দো

রাজধানীর মিরপুর শহীদ সোহরাওয়ার্দী ইনডোর স্টেডিয়ামে শুরু হয়েছে ‘ক্লাব কাপ ওপেন তায়কোয়ান্দো চ্যাম্পিয়নশিপ’। বাংলাদেশ তায়কোয়ান্দো ফেডারেশন ও মোহাম্মদপুর তায়কোয়ানদো ক্লাবের আয়োজনে অনুষ্ঠিত এ প্রতিযোগিতায় বিভিন্ন জেলা ও ৩৫টি ক্লাবের ৭৫০ জন খেলোয়াড় অংশ নিচ্ছেন। শুক্রবার সকালে প্রতিযোগিতার উদ্বোধন করেন জাতীয় সংসদের চিফ হুইপ নুরুল ইসলাম মনি।

দুই দিনব্যাপী এই প্রতিযোগিতায় ফাইট ও পুমসে, দুই ইভেন্টেই লড়ছেন খেলোয়াড়েরা। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সংসদ সদস্য আনিছুর রহমান তালুকদার খোকন, বাংলাদেশ তায়কোয়ানদো ফেডারেশনের সহসভাপতি জোসেফ বি. ইউলিসিস, সাধারণ সম্পাদক মাহমুদুল ইসলাম রানা, টুর্নামেন্ট কমিটির চেয়ারম্যান ও বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান, মোহাম্মদপুর তায়কোয়ানদো ক্লাবের সভাপতি আবু মোর্শেদ চৌধুরী এবং সাধারণ সম্পাদক মো. আল আমিন রাকিব।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে চিফ হুইপ নুরুল ইসলাম মনি দেশের রাজনৈতিক পরিস্থিতি নিয়েও মন্তব্য করেন। তিনি বলেন, ‘দেশে পরিকল্পিতভাবে অরাজকতা সৃষ্টি করে গণতান্ত্রিক পরিবেশ নষ্টকারীদের আবারও ফিরিয়ে আনার চেষ্টা চলছে।’ দেশের বিভিন্ন প্রান্তের খেলোয়াড়দের অংশগ্রহণে আয়োজিত এই প্রতিযোগিতার মধ্য দিয়ে তায়কোয়ানদোতে নতুন প্রতিভা তুলে আনার পাশাপাশি জাতীয় পর্যায়ে খেলাটির বিস্তারের সুযোগ তৈরি হবে বলে মনে করছেন আয়োজকেরা।