আজ জাপানের আইচি-নাগোয়া এশিয়ান গেমসের ছেলেদের ক্রিকেট ইভেন্টে সোনার পদকের লড়াইয়ে মুখোমুখি হবে ভারত ও পাকিস্তান। এ ম্যাচে উপস্থিত থাকবেন না এশিয়ান ক্রিকেট কাউন্সিলের (এসিসি) সভাপতি মোহসিন নাকভি। বিষয়টি শুক্রবার এক বিবৃতিতে নিশ্চিত করেছে এসিসি। সংস্থাটি জানিয়েছে, ব্যক্তিগত কারণে ফাইনাল ম্যাচে উপস্থিত থাকতে পারবেন না নাকভি। তবে পদকের লড়াইয়ে থাকা চার দলের প্রতিই শুভকামনা জানিয়েছেন তিনি।
এশিয়ান গেমসের ক্রিকেটে স্বর্ণপদকের ম্যাচের আগে ব্রোঞ্জের জন্য লড়বে বাংলাদেশ ও শ্রীলঙ্কা। দুটি ম্যাচে অংশ নেওয়া দলগুলোর উদ্দেশে শুভেচ্ছা জানিয়ে নাকভি বলেছেন, ‘এশিয়ান গেমস ২০২৬-এর সোনা ও ব্রোঞ্জ পদকের ম্যাচে অংশ নেওয়া সবাইকে শুভকামনা। কিছু প্রতিশ্রুতির কারণে নাগোয়া যেতে পারছি না। তবে দারুণ কিছু ম্যাচ দেখার অপেক্ষায় থাকব।’
এশিয়ান গেমস ছেলেদের ক্রিকেটে বর্তমান চ্যাম্পিয়ন ভারত। সর্বশেষ হানজুতে আফগানিস্তানকে হারিয়ে সোনার পদক জেতে তারা। তবে এই ইভেন্টে এখনো সোনার পদকের দেখা পায়নি পাকিস্তান। ২০১০ সালে ব্রোঞ্জ জয়ই তাদের সর্বোচ্চ সাফল্য।