আন্তর্জাতিক অঙ্গনে দেশের জন্য সাফল্য বয়ে আনা মাস্টার্স অ্যাথলেটদের সম্মাননা ও সংবর্ধনা দিয়েছে বাংলাদেশ মাস্টার্স অ্যাথলেটিকস অ্যাসোসিয়েশন। একই অনুষ্ঠানে মাস্টার্স অ্যাথলেটদের কল্যাণে ৫ লাখ টাকা অনুদানের ঘোষণা দেওয়া হয়েছে। বাংলাদেশ অ্যাথলেটিকস ফেডারেশনের অঙ্গ সংগঠন বাংলাদেশ মাস্টার্স অ্যাথলেটিকস অ্যাসোসিয়েশনের আয়োজনে গতকাল শুক্রবার সকালে জাতীয় স্টেডিয়ামের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয় ‘আন্তর্জাতিক অঙ্গনে দেশের কৃতী মাস্টার্স অ্যাথলেটদের সম্মাননা ও সংবর্ধনা অনুষ্ঠান-২০২৬’। গত তিন বছরে আন্তর্জাতিক বিভিন্ন প্রতিযোগিতায় পদকজয়ী দেশের মাস্টার্স অ্যাথলেটদের এ অনুষ্ঠানে সম্মাননা জানানো হয়। বাংলাদেশ অ্যাথলেটিকস ফেডারেশনের সাধারণ সম্পাদক ও বাংলাদেশ মাস্টার্স অ্যাথলেটিকস অ্যাসোসিয়েশনের সভাপতি আলহাজ অ্যাডভোকেট আলী ইমাম তপনের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ অ্যাথলেটিকস ফেডারেশনের সভাপতি মোহাম্মদ আব্দুল্লাহ জাবের। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফেডারেশনের সহসভাপতি প্রফেসর ড. ইঞ্জিনিয়ার মো. সাব্বির মোস্তফা খান ও মো. ইকবাল হোসেন। সভাপতি মোহাম্মদ আব্দুল্লাহ জাবের বাংলাদেশ মাস্টার্স অ্যাথলেটিকস অ্যাসোসিয়েশনের জন্য ৫ লাখ টাকা অনুদান দেওয়ার ঘোষণা দেন।