সোনা জয়ের লড়াইয়ে আগে ব্যাট করতে নেমে পাকিস্তানকে ২১২ রানের বিশাল লক্ষ্য দিয়েছে ভারত। যেখানে কেবল ২০ বলেই ফিফটি তোলেন ওপেনার অভিষেক শর্মা। সঙ্গে তিলক ভার্মার ২২ বলে অপরাজিত ৫১ রানে চড়ে দুইশ পেরোনো সংগ্রহ পায় শ্রেয়াস আইয়ারের দল।
জাপানের নিশিনের টস জিতে ব্যাটিংয়ে নেমে শুরুতেই তাণ্ডব চালাতে থাকেন দুই ওপেনার অভিষেক ও বৈভব সূর্যবংশী। পাওয়ার প্লের প্রথম ৬ ওভারেই পাকিস্তানের বোলারদের তুলোধুনো করে স্কোরবোর্ডে ৮১ রন জমা করে ভারত।
যদিও এই ঝোড়ো গতিতে রান তোলার পথে ৯ বলে ১৫ রান করে সূর্যবংশী এবং মাত্র ২ রান করে সঞ্জু স্যামসন সাজঘরে ফেরেন, তবে তাতে ভারতের রানের গতি একটুও কমেনি।
দলের পক্ষে সবচেয়ে আক্রমণাত্মক ইনিংসটি খেলেন ওপেনার অভিষেক। মাত্র ২৮ বলে ৬১ রানের এক ঝোড়ো ইনিংস উপহার দেন তিনি, যা সাজানো ছিল ৩টি চার এবং ৭টি চোখ জুড়ানো ছক্কায়। এছাড়া অধিনায়ক শ্রেয়াসের ব্যাটে আসে ২৪ রান।
শেষ দিকে এসে ভারতের রানের চাকা সচল রাখেন তিলক। ২২ বলে ৫১ রানের দারুণ এক ইনিংস খেলেন তিনি, যেখানে ছিল ১টি চারের পাশাপাশি ৪টি বিশাল ছক্কার মার। তাকে যোগ্য সঙ্গ দিয়ে ১৫ বলে ২৭ রানের দারুণ এক ক্যামিও ইনিংস খেলেন শিবম দুবে। পাকিস্তানের বোলারদের মধ্যে আহমেদ দানিয়াল ও আরাফাত মিনহাস দুটি করে উইকেট নেন।