এলাকাবাসীর স্বস্তি

চন্দনাইশে নির্মাণ হচ্ছে আবদুল বারী হাট সেতু

চন্দনাইশবাসীর দীর্ঘদিনের ভোগান্তির অবসান হতে যাচ্ছে। চট্টগ্রামের গুরুত্বপূর্ণ পটিয়া-চন্দনাইশ (বৈলতলী) সড়কের ১৩তম কিলোমিটারে অবস্থিত জরাজীর্ণ আবদুল বারী হাট সেতুর নির্মাণ কাজ পুরোদমে চলছে।

সরেজমিনে দেখা যায়, সেতুটিকে ঘিরে এলাকায় এখন কর্মচঞ্চলতা বিরাজ করছে। শ্রমিকরা দিন-রাত কাজ করে যাচ্ছেন।

স্থানীয়রা জানান, জরাজীর্ণ এই সেতুর কারণে বছরের পর বছর ধরে চন্দনাইশ উপজেলার অন্তত ৩০টি গ্রামের মানুষকে চরম দুর্ভোগ পোহাতে হয়েছে। বিশেষ করে স্কুল-কলেজের শিক্ষার্থী, রোগীবাহী অ্যাম্বুলেন্স ও কৃষিপণ্য পরিবহনে প্রতিনিয়ত বিড়ম্বনায় পড়তে হতো।

বর্তমানে সেতুটির নির্মাণ কাজ দ্রুতগতিতে এগিয়ে চলায় এলাকাবাসীর মধ্যে স্বস্তি ফিরে এসেছে। কাজ সম্পন্ন হলে চন্দনাইশের মধ্যে যোগাযোগ ব্যবস্থায় নতুন গতি আসবে এবং আশপাশের এলাকার মানুষের ব্যবসা-বাণিজ্য ও যাতায়াত সহজ হবে বলে মনে করছেন স্থানীয়রা।

এই দুর্ভোগ লাঘবে গত ২৬ আগস্ট সেতুটির ভিত্তিপ্রস্তর স্থাপন করেন চট্টগ্রাম-১৪ (চন্দনাইশ-সাতকানিয়া আংশিক) আসনের মাননীয় সংসদ সদস্য আলহাজ্ব মো. জসীম উদ্দীন আহমেদ। প্রায় সাড়ে ৭ কোটি টাকা ব্যয়ে সেতুটি নির্মিত হচ্ছে।

স্থানীয় বাসিন্দা ও ব্যবসায়ীরা বলেন, সেতুটি হয়ে গেলে পার্শ্ববর্তী উপজেলার সাথে আমাদের ব্যবসা-বাণিজ্য অনেক সহজ হবে। এমপি জসীম উদ্দীন আহমেদকে  ধন্যবাদ, অবশেষে আমাদের দীর্ঘদিনের দাবি পূরণ হতে যাচ্ছে।

কাজের মান নিয়ে সন্তোষ প্রকাশ করে দ্রুততম সময়ে সেতুর কাজ শেষ করার দাবি জানিয়েছেন এলাকাবাসী।