‘চোরাই গরু’ দিয়ে বৌভাতের আয়োজন, অভিযুক্ত গ্রেপ্তার

গাইবান্ধার গোবিন্দগঞ্জে ‘চোরাই গরু’ দিয়ে ছেলের বৌভাতের অনুষ্ঠান আয়োজনের করার অভিযোগে রফিকুল ইসলাম নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার (৩ অক্টোবর) সকাল ১১টার দিকে উপজেলার কামারদহ ইউনিয়নের বকশিচর এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার রফিকুল ইসলাম (৫৯) ওই এলাকার বাসিন্দা। 

স্থানীয়দের বরাতে গোবিন্দগঞ্জ থানার উপপরিদর্শক (এসআই) জাহিদ হাসান, বকশিচর গ্রামের রফিকুল ইসলামের ছেলে সোহানের সঙ্গে উপজেলার রুদ্রনগর গ্রামের আইয়ুব আলীর মেয়ের বিয়ে শুক্রবার সম্পন্ন হয়। পরদিন শনিবার (৩ অক্টোবর) সোহানের বাড়িতে বৌভাতের আয়োজন করা হয়। ওই অনুষ্ঠানের জন্য রফিকুল ইসলাম একটি গরু জবাই করেন বলে অভিযোগ উঠেছে।

উপজেলার পূর্ব মাস্তা গ্রামের শহিদুল ইসলামের অভিযোগ, তার একটি গরু শুক্রবার ভোররাতে গোয়ালঘর থেকে চুরি হয়। তার দাবি, বৌভাত অনুষ্ঠানের জন্য জবাই করা গরুটিই তার চুরি যাওয়া গরু। রাতের আঁধারে তার গোয়ালঘর থেকে গরুটি চুরি করে এনে জবাই করা হয়েছে। এবিষয়ে তিনি গোবিন্দগঞ্জ থানায় অভিযোগ করেছেন।

গ্রেপ্তার ব্যক্তির বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন বলে জানিয়েছেন গোবিন্দগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহফুজ আলম।

তবে অভিযোগ অস্বীকার করে রফিকুল ইসলাম জানান, তিনি ষড়যন্ত্রের শিকার হয়েছেন।