প্রতিহিংসার রাজনীতি থেকে বেরিয়ে আসুন: পরওয়ার

জাতিকে বিভক্ত করার পুরোনো বয়ান পরিহার করে অতীত থেকে শিক্ষা নেওয়ার এবং প্রতিহিংসার রাজনীতি থেকে বেরিয়ে আসার আহ্বান জানিয়েছেন জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার।

তিনি বলেছেন, জিয়াউর রহমান ও খালেদা জিয়া আজীবন যেসব কথা বলেননি, তারেক রহমান সেসব কথা বলে নিজেকে বেশি বিচক্ষণ প্রমাণ করতে চাইছেন কি না, সেই প্রশ্নও রয়েছে।

শনিবার (৩ অক্টোবর) বায়তুল মোকাররমে বাদ জোহর আয়োজিত এক বিক্ষোভ সমাবেশে  গোলাম পরওয়ার এসব কথা বলেন।

১৯৭১ সালের প্রসঙ্গে গোলাম পরওয়ার বলেন, ভারতের আগ্রাসনের বিপরীতে অখণ্ড পাকিস্তানের পক্ষে তৎকালীন জামায়াতে ইসলামীর নেতাদের জোরালো অবস্থান ছিল, এটি সত্য। তবে তার দাবি, জামায়াত সে সময় কোনো ফৌজদারি অপরাধ করেনি। এ বিষয়ে জনগণই বিচার করবে বলেও মন্তব্য করেন তিনি।

বীর মুক্তিযোদ্ধা ও অবসরপ্রাপ্ত মেজর আখতারুজ্জামানের বিরুদ্ধে দায়ের করা মামলাকে ‘মিথ্যা’ দাবি করে অবিলম্বে তার রিমান্ড বাতিল ও নিঃশর্ত মুক্তির দাবি জানিয়ে হাতকড়া ও হেলমেট পরিয়ে তাকে আদালতে হাজির করায় তীব্র নিন্দাও জানান তিনি। 

বিমানবন্দরে অব্যবস্থাপনার বিরুদ্ধে কথা বলা এবং বিএনপি ছেড়ে জামায়াতে যোগ দেওয়ার কারণেই আখতারুজ্জামানকে অন্যায়ভাবে গ্রেপ্তার করা হয়েছে বলে দাবি করেন তিনি।

গোলাম পরওয়ার বলেন, বিমানবন্দরের সেদিনের ঘটনায় দুজন কর্মকর্তাকে প্রত্যাহার করা হয়েছে। তার দাবি, এতে প্রমাণ হয় মেজর (অব.) আখতারুজ্জামান সঠিক অবস্থানে ছিলেন। বিএনপি ছেড়ে জামায়াতে যোগ দেওয়ার কারণেই তাকে মিথ্যা মামলায় ফাঁসানো হয়েছে বলেও দাবি করেন তিনি।

তিনি প্রশ্ন করেন, হেলমেট আর হাতকড়া পরিয়ে কী প্রমাণ করতে চান? তিনি কী অপরাধ করেছেন? তিনি কি বড়সড় কোনো অপরাধী?’ আখতারুজ্জামানের অবিলম্বে মুক্তির আহ্বান জানান জামায়াতের এই নেতা।

সরকারের শীর্ষ নেতৃত্বের বক্তব্যের সমালোচনা করে গোলাম পরওয়ার বলেন, ফ্যাসিবাদবিরোধী আন্দোলনে দীর্ঘ ২০-২২ বছর বিএনপি ও জামায়াত একসঙ্গে রাজপথে আন্দোলন করেছে। সেই সময় জামায়াতকে ‘গুপ্ত’ বা ‘স্বাধীনতাবিরোধী’ বলা হয়নি বলেও প্রশ্ন তোলেন তিনি।

তিনি আরও বলেন, ‘রাজাকারের গল্প বলতে গেলে সেই তালিকায় বিএনপির অবস্থান আরও ওপরে।’ 

এদিকে, শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে লাগেজ ও ট্রলি সংকটকে কেন্দ্র করে বিশৃঙ্খলা, সরকারি কাজে বাধা ও কর্মকর্তাকে লাঞ্ছিত করার অভিযোগে করা মামলায় আখতারুজ্জামানের এক দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। শনিবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আল-বেরুনী মীর এ আদেশ দেন। এর আগে পুলিশ পাঁচ দিনের রিমান্ড আবেদন করেছিল।

সমাবেশ শেষে বায়তুল মোকাররম থেকে বিক্ষোভ মিছিল বের করেন জামায়াতে ইসলামী ঢাকা মহানগরী দক্ষিণের নেতাকর্মীরা।