সরকারি সব ধরনের উন্নয়ন কর্মকাণ্ড জনগণের করের টাকায় সম্পাদিত হয় উল্লেখ করে পানিসম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ এমপি বলেছেন, স্ব-স্ব এলাকার উন্নয়নমূলক কাজ যেন সঠিকভাবে হয়, তা ঠিকাদারের কাছ থেকে কড়ায়-গণ্ডায় বুঝে নেওয়ার দায়িত্ব স্থানীয় জনগণের।
শনিবার (৩ অক্টোবর) দুপুরে পঞ্চগড়ের বোদা উপজেলায় স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি)-এর অধীন গেদিপাড়া সেতনাই খাল উপ-প্রকল্পের ২-ভেন্ট রেগুলেটর নির্মাণকাজের শুভ উদ্বোধন ও ভিত্তিপ্রস্তর স্থাপন শেষে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
উদ্বোধনী বক্তব্যে প্রতিমন্ত্রী আরও জানান, জলবায়ু পরিবর্তনের প্রভাব ও প্রাকৃতিক দুর্যোগ সামাল দেওয়ার পাশাপাশি স্থানীয় কৃষকদের সার্বিক সুবিধা এবং পানির যথাযথ ব্যবহার সুনিশ্চিত করতেই এই উদ্যোগ নেওয়া হয়েছে। প্রকল্পটির সফল বাস্তবায়ন ঘটলে এলাকার পানি ব্যবস্থাপনা ও কৃষি উৎপাদনে এক নতুন দিগন্ত সূচিত হবে বলে আশা প্রকাশ করেন তিনি।
অনুষ্ঠানে সনাতন ধর্মাবলম্বীদের উদ্দেশ্যে প্রতিমন্ত্রী বলেন, আসন্ন শারদীয় দুর্গাপূজা সবাই যেন নির্বিঘ্ন ও নিরাপদে উদযাপন করতে পারেন, সেজন্য সরকার সর্বাত্মক নিরাপত্তা প্রদান করবে। যেকোনো ধরণের অপশক্তির ষড়যন্ত্র রুখে দিতে বিএনপি সরকার সুদৃঢ় প্রতিশ্রুতবদ্ধ।
উল্লেখ্য, উক্ত উদ্বোধন অনুষ্ঠানে পঞ্চগড় এলজিইডির ঊর্ধ্বতন কর্মকর্তা, সংশ্লিষ্ট পানি ব্যবস্থাপনা সমবায় সমিতির সদস্য এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।