হাজার হাজার লিটার তেল পুড়িয়ে লংমার্চ করা কতটা যৌক্তিক: পানিসম্পদ প্রতিমন্ত্রী

জামায়াত-এনসিপি নেতৃত্বাধীন বিরোধী জোট এতদিন জান্নাতের টিকেট বিক্রি করে আমাদের বিভ্রান্ত করার চেষ্টা করে ব্যর্থ হয়েছে। আজ তারাই আবার তেল, বিদ্যুৎ, সারসহ বিভিন্ন সংকটের কথা বলে দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করছে। 

আপডেট : ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৩৪ পিএম

হাজার হাজার লিটার তেল পুড়িয়ে লংমার্চ করা কতটা যৌক্তিক বলে প্রশ্ন তুলেছেন পানিসম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ।

তিনি বলেন, জামায়াত-এনসিপি নেতৃত্বাধীন বিরোধী জোট এতদিন জান্নাতের টিকেট বিক্রি করে আমাদের বিভ্রান্ত করার চেষ্টা করে ব্যর্থ হয়েছে। আজ তারাই আবার তেল, বিদ্যুৎ, সারসহ বিভিন্ন সংকটের কথা বলে দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করছে। বর্তমানে চলমান তেল সংকটের মধ্যে হাজার হাজার লিটার তেল পুড়িয়ে বিরোধী দলের লংমার্চ কর্মসূচীর যৌক্তিকতা নিয়েও প্রশ্ন রাখেন তিনি।

রবিবার (৬ সেপ্টেম্বর) পঞ্চগড়ের বোদা উপজেলা পরিষদ পুকুরে মাছের পোনা অবমুক্তকরন ও শিশুদের সাতার প্রশিক্ষনের উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।

দেশীয় মাছের প্রজাতি রক্ষায় সবাইকে সচেষ্ট থাকার আহ্বান জানিয়ে প্রতিমন্ত্রী বলেন, পানিতে ডুবে অপমৃত্যু রোধে শিশুদের সাঁতার শেখানোর ওপর গুরুত্বারোপ এবং যুব সমাজকে রক্ষায় মাদকের বিরুদ্ধে সবাইকে সোচ্চার হওয়াও জরুরি।

এসময় অতিরিক্ত পুলিশ সুপার ফরহাদ হোসেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রবিউল ইসলাম, উপজেলা মৎস্য কর্মকর্তাসহ জেলা বিএনপির নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

এদিকে, শনিবার (৫ সেপ্টেম্বর) গণভোটের গণরায় বাস্তবায়ন, জুলাই গণহত্যার বিচার, বিদ্যুৎ, তেল, গ্যাস ও সার সংকট নিরসন, নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের মূল্যের ঊর্ধ্বগতি রোধ, চাঁদাবাজি ও দুর্নীতি বন্ধ, আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন এবং সংকীর্ণ দলীয়করণ বন্ধের দাবিতে শুরু হয়েছে ১১ দলীয় ঐক্যের ঢাকা থেকে চট্টগ্রাম অভিমুখী লংমার্চের উদ্বোধনী সমাবেশ।

সর্বশেষ সর্বাধিক পঠিত