গাজীপুর মহানগরীর ডেগেরচালা এলাকার ফকির মার্কেটে অবস্থিত মেট্রিক্স গার্মেন্টস নামের একটি পোশাক কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। ফায়ার সার্ভিসের ৯টি ইউনিটের যৌথ প্রচেষ্টায় ৩ ঘণ্টা পর সন্ধ্যা ৬টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয় ফায়ার সার্ভিস। এর আগে শনিবার (৩ অক্টোবর) বিকেল ৩টার দিকে কারখানাটিতে আগুন লাগে।
ফায়ার সার্ভিস ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, কারখানাটির ৮ তলা ভবনের তৃতীয় তলায় আগুনের সূত্রপাত হয়। পরিস্থিতি দেখে কারখানা কর্তৃপক্ষ দ্রুত ফায়ার সার্ভিসকে খবর দেয়। সংবাদ পেয়ে প্রথমে গাজীপুর চৌরাস্তা মডার্ন ফায়ার স্টেশনের তিনটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে উদ্ধার কাজ শুরু করে। আগুনের তীব্রতা মারাত্মকভাবে বৃদ্ধি পেলে পরবর্তীতে কোনাবাড়ী স্টেশন থেকে ১টি, গাজীপুর ফায়ার স্টেশন থেকে তিনটি এবং রাজেন্দ্রপুর ফায়ার স্টেশন থেকে দুইটি—মোট নয়টি ইউনিট একযোগে আগুন নেভানোর কাজে যুক্ত হয়। তাদের টানা ৩ ঘণ্টার অক্লান্ত চেষ্টায় সন্ধ্যা ৬টায় আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আসে।
ফায়ার সার্ভিস আরও জানায়, কারখানার চারপাশে কোনো পুকুর বা পানির পর্যাপ্ত উৎস না থাকা এবং ভবনে নিজস্ব কোনো অগ্নিনির্বাপণ ব্যবস্থা না থাকায় ফায়ার সার্ভিস কর্মীদের আগুন নিয়ন্ত্রণে আনতে বেশ বেগ পেতে হয়েছে। অগ্নিকাণ্ডে সৃষ্ট বিষাক্ত ধোঁয়ায় অসুস্থ হয়ে পড়া ৬৯ জনকে আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে স্থানীয় বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে।
গাজীপুর ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক সাইদুল আলম চৌধুরী জানান, শনিবার ডেগেরচালার ফকির মার্কেট সংলগ্ন পোশাক কারখানাটিতে আগুন লাগার ঘটনা ঘটে। আমাদের ৯টি ইউনিটের ৩ ঘণ্টার নিরলস চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে এসেছে। তবে আগুন লাগার মূল কারণ এবং ক্ষয়ক্ষতির মোট পরিমাণ বিস্তারিত তদন্তের পর জানা যাবে।