গাজীপুর মহানগরীর ডেগের চালা এলাকায় মেট্রিক্স গার্মেন্টসে আগুন লাগার ঘটনা ঘটেছে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের ৯টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করছে। শনিবার (৩ অক্টোবর) বিকেল ৩টার দিকে এর সূত্রপাত হলেও এখন পর্যন্ত আগুন নিয়ন্ত্রণে আসেনি।
প্রত্যক্ষদর্শী ও ফায়ার সার্ভিস জানায়, শনিবার বিকেল ৩টার দিকে কারখানাটির ৮ তলা ভবনের ৩য় তলায় আগুনের সূত্রপাত হয়। পরে কারখানা কর্তৃপক্ষ ফায়ার সার্ভিসে খবর দেয়। খবর পেয়ে গাজীপুর চৌরাস্তা মর্ডান স্টেশনের ৩টি ইউনিট প্রথমে কাজ শুরু করে। পরে আগুনের তীব্রতা বাড়লে কোনাবাড়ী স্টেশনের ১টি, গাজীপুর ফায়ার স্টেশনের ৩টি ও রাজেন্দ্রপুর ফায়ার স্টেশনের ২টি ইউনিট ঘটনাস্থল পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ করছে।
গাজীপুর চৌরাস্তা মর্ডান স্টেশনের মো. হিরন মিয়া বলেন, আমাদের ৩টি ইউনিট কাজ করছে। পরে গাজীপুর, রাজেন্দ্রপুর, কোনাবাড়ি থেকে আরও ইউনিট যোগ দিয়েছে। তবে আগুন লাগার কারণ ও হতাহতের খবর পাওয়া যায়নি। এখন পর্যন্ত আগুন নিয়ন্ত্রণে আসেনি।