অর্থ উপদেষ্টা

ফ্যাসিস্ট সরকার নিজেদের লালন-পালনের অর্থনীতি রেখে পালিয়েছে 

প্রধানমন্ত্রীর অর্থ ও পরিকল্পনা উপদেষ্টা ড. রাশেদ আল মাহমুদ তিতুমীর বলেছেন, স্বজনতোষী ও পৃষ্ঠপোষকতাকারী পতিত সরকার জনগণের ইচ্ছা, আকাঙ্ক্ষা ও দেশের অগ্রযাত্রার কোনো চিন্তা না করে নিজেদের লালন-পালনের অর্থনীতি চালু রেখে পালিয়েছে। এতে যুবসমাজ কর্মসংস্থানহীন ও অনিশ্চিত ভবিষ্যতের মধ্যে পড়েছে। এটা আমাদের জন্য দুর্ভাগ্য ও লজ্জার।

শনিবার (৩ অক্টোবর) সকাল ১০টায় ইসলামী বিশ্ববিদ্যালয়ের মিলনায়তনে বিশ্ববিদ্যালয় প্রশাসনের আয়োজনে ‘ইন্ডাস্ট্রি-একাডেমি কোলাবোরেশন’ প্রোগ্রামে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

অর্থ উপদেষ্টা বলেন, ‘বিগত সরকার নিজেদের টিকিয়ে রাখতে মিথ্যা পরিসংখ্যান দেখিয়েছে। তারা খেলাপি ঋণের পরিমাণ দেখিয়েছে ১১ শতাংশ। কিন্তু প্রকৃতপক্ষে খেলাপি ঋণের পরিমাণ ছিল ৩৫ দশমিক ৭ শতাংশ। পরবর্তীতে বর্তমান সরকার দায়িত্ব নেওয়ার পর তা ৩ শতাংশ কমে এখন ৩২ দশমিক ৫ শতাংশে দাঁড়িয়েছে। তাদের সময়ের শেষ ১০ বছর পর্যালোচনা করলে দেখা যায়, ১ কোটি ৪০ লাখ যুবকের কর্মসংস্থানের চাহিদা ছিল। কিন্তু এর মধ্যে মাত্র ২৭ লাখ মানুষের কর্মসংস্থান সৃষ্টি হয়েছে।’

তিনি আরও বলেন, ‘বাংলাদেশে কর্মসংস্থানের সুযোগ সৃষ্টির প্রথম ও প্রধান ভিত্তি গড়ে তুলেছিলেন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান। ভঙ্গুর অর্থনীতি, যুদ্ধবিধ্বস্ত ও দুর্ভিক্ষের কবলে পড়া একটি রাষ্ট্রকে সম্ভাবনাময় করে গড়ে তুলেছেন শহীদ জিয়া। এ ছাড়া বৃহৎ নারী জনগোষ্ঠীকে কর্মসংস্থানে যুক্ত করতে অভাবনীয় ভূমিকা রেখেছেন মরহুম খালেদা জিয়া। এরই ধারাবাহিকতায় বর্তমান সরকার ‘সবার আগে বাংলাদেশ’ দর্শনকে সামনে রেখে দেশকে এগিয়ে নিচ্ছে।’

অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ কে এম মতিনুর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রীর কার্যালয়ের অর্থ ও পরিকল্পনা মন্ত্রণালয়ের উপদেষ্টা ড. রাশেদ আল মাহমুদ তিতুমীর। এ সময় বিশেষ অতিথি হিসেবে উপ-উপাচার্য ড. এমতাজ হোসেন ও কোষাধ্যক্ষ ড. ইদ্রিস আলী এবং স্বাগত বক্তা হিসেবে রেজিস্ট্রার ড. আতিকুর রহমান উপস্থিত ছিলেন।

এ ছাড়া অনুষ্ঠানে দেশের প্রায় ২৭টি বিশিষ্ট শিল্প ও ব্যবসাপ্রতিষ্ঠানের প্রতিনিধিরা অংশ নেন। এর মধ্যে ছিল প্রাণ-আরএফএল গ্রুপ, স্কয়ার ফুড অ্যান্ড বেভারেজ, আনোয়ার গ্রুপ, আবুল খায়ের গ্রুপ, গ্রামীণফোন, বিকাশ, বিআরবি কুষ্টিয়া, ব্রিটিশ আমেরিকান টোব্যাকো, ব্র্যাক, রাজবাড়ী জুট মিলস লিমিটেড, বেনকিউ ইন্ডাস্ট্রি, টেকনোডেরা ইন্ডাস্ট্রি, নেসলে বাংলাদেশ পিএলসি, শাহজালাল ইসলামী ব্যাংক পিএলসি, ম্যাটাডর ডিস্ট্রিবিউশন লিমিটেড, এনসিঙ্গা ইন্ডাস্ট্রিসহ দেশের অন্যতম প্রধান বাণিজ্যিক প্রতিষ্ঠান।