ফ্যাসিস্টদের সঙ্গে ঐক্যবদ্ধ হয়ে সরকারের বিরুদ্ধে কাজ করছে জামায়াত

আপডেট : ২৯ অক্টোবর ২০২৬, ০২:০০ পিএম

ফ্যাসিস্টদের সঙ্গে ঐক্যবদ্ধ হয়ে সরকারের বিরুদ্ধে কাজ করছে জামায়াত বলে মন্তব্য করেছেন সাবেক শিক্ষা উপমন্ত্রী ও টাঙ্গাইল-২ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট আব্দুস সালাম পিন্টু। 

তিনি বলেন, আপনাদের বলতে চাই, আপনারা কয়েকদিন পর দেখতে পারবেন যে ফ্যাসিস্ট হাসিনার সঙ্গে জামায়াত ইসলাম ঐক্যবদ্ধ হয়ে এই সরকারের বিরুদ্ধে কাজ করবে এবং বিষয়টি আপনারা অনুভব করতে পারবেন। আমরা বিশ্বাস করি, তারা যতই ষড়যন্ত্রে লিপ্ত হোক না কেন কোনো কিছু করতে পারবে না। এদেশের জনগণ সচেতন আছে, বাংলাদেশ জাতীয়তাবাদী দল সচেতন আছে। এই দেশের জনগণ এই সরকারের পাশে থেকে সকল ষড়যন্ত্রের বিরুদ্ধে মোকাবিলা করবে।

টাঙ্গাইলের ভূঞাপুরে বলরামপুর উচ্চ বিদ্যালয় মাঠে ফ্যামিলি কার্ড বাস্তবায়নের লক্ষ্যে ইউনিয়ন পর্যায়ে তথ্য সংগ্রহ কার্যক্রমের উদ্বোধন শেষে বুধবার (১৪ অক্টোবর) সাংবাদিকদের প্রশ্নের জবাবে আব্দুস সালাম পিন্টু এমপি এ সব কথা বলেন।

যখন থেকে বাংলাদেশ সৃষ্টি হয়েছে তখন থেকে একটি গোষ্ঠী ষড়যন্ত্র করেছে এমন অভিযোগ করে তিনি বলেন, বর্তমান সরকার ক্ষমতায় আসার পরে আরও ষড়যন্ত্র শুরু হয়েছে এবং তা অনেকেই করে যাচ্ছে। বিগত ফ্যাসিস্ট সরকার বিদেশের মাটিতে বসে নানা ষড়যন্ত্র করছে এবং তার সঙ্গে সংযুক্ত হয়েছে।

জনগণ ষড়যন্ত্র মোকাবিলা করে বাংলাদেশের সার্বভৌমত্ব ও স্বাধীনতাকে অটুট রাখবে এবং বর্তমান সরকারের সঙ্গে থাকবে বলে আশা করেন অ্যাডভোকেট আব্দুস সালাম পিন্টু।  

ফ্যামিলি কার্ড বাস্তবায়নে ইউনিয়ন পর্যায়ে তথ্য সংগ্রহ কার্যক্রম উদ্বোধনের সময় সাবেক এই শিক্ষা আপনারা জানেন, এই সরকার নির্বাচনের সময় ৩১ দফার প্রতিশ্রুতি দিয়েছিল এবং ভোটের হাতের মুছে যাওয়ার আগেই প্রধান তারেক রহমান তা বাস্তবায়নের কাজ শুরু করছেন। এই ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড, ইমাম-মোয়াজ্জেমিনদের ভাতাসহ দেশের উন্নয়ন ও পরিবর্তন যে সমস্ত কর্মসূচি আমরা হাতে নিয়েছিলাম তা এই সরকার প্রত্যোকটি বাস্তবায়নে কাজ করে যাচ্ছেন।

ফ্যামিলি কার্ডে তথ্য প্রদানে নারীদের উদ্দেশ্যে সাবেক এই শিক্ষা উপমন্ত্রী বলেন, সরকার তথ্য সংগ্রহের জন্য লোক নিয়োগ করেছেন। তারা বাড়িতে আপনার কাছে গিয়ে তথ্য সংগ্রহ করবেন। ফ্যামিলি কার্ডের পেছনে আপনারা ঘুরবেন না। কেউ টাকা চাইলে আপনারা দেবেন না। প্রয়োজনে বিষয়টি আমাকে ও ইউএনও, ওসিসহ উপজেলার বিএনপি নেতাদের জানাবেন। অভিযোগ প্রমাণিত হলে দায়ী ব্যক্তির বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে, পাশাপাশি কেউ ভুল তথ্য দিলে তিনি ফ্যামিলি কার্ড পাবেন না।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাহবুব হাসানের সভাপতিত্বে ও উপজেলা সমাজসেবা কর্মকর্তা নাজমুল হাসানের সঞ্চালনায় অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা শহিদুল ইসলাম, উপজেলা বিএনপি সাধারণ সম্পাদক সেলিমুজ্জামান তালুকদার সেলু, পৌর বিএনপি সাধারণ সম্পাদক লুৎফর রহমান গিয়াস, ভূঞাপুর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) একেএম রেজাউল করিম, গাবসারা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শাহ আলম আকন্দ শাপলা, অর্জুন ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান দেলোয়ার হোসেন দিলশাদ, অলোয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান শফিকুল ইসলাম হাসান।

সর্বশেষ সর্বাধিক পঠিত