বাগেরহাটের মোরেলগঞ্জ-বগি আঞ্চলিক মহাসড়কে এক ভয়াবহ ত্রিমুখী সড়ক দুর্ঘটনায় তিনজন নিহত হয়েছেন। শনিবার (৩ অক্টোবর) সন্ধ্যা সোয়া ৬টার দিকে মোরেলগঞ্জ উপজেলার দোনা এলাকায় এই দুর্ঘটনা ঘটে। পুলিশ নিহতদের মরদেহ উদ্ধার করেছে।
মোরেলগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শহীদুল্লাহ জানান, শনিবার সন্ধ্যায় মোরেলগঞ্জ ফেরিঘাট থেকে দৈবজ্ঞহাটির দিকে একটি ডাববোঝাই নছিমন ও একটি মোটরসাইকেল যাচ্ছিল। দোনা এলাকায় পৌঁছে মোটরসাইকেলটি নছিমনটিকে অতিক্রম বা ওভারটেক করার চেষ্টা করে। এ সময় বিপরীত দিক থেকে আসা অন্য একটি মোটরসাইকেলের সঙ্গে এটির মুখোমুখি সংঘর্ষ হয়। একই সঙ্গে ডাববোঝাই নছিমনটি উল্টে পড়ে মোটরসাইকেল আরোহীদের ওপর।
এতে ঘটনাস্থলেই দুজন প্রাণ হারান এবং একজন গুরুতর আহত হন। পরবর্তীকালে আহত ব্যক্তিকে উদ্ধার করে মোরেলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হলে সেখানে দায়িত্বরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।
অসাবধানতা ও বেপরোয়া গতির কারণে এই দুর্ঘটনা ঘটেছে বলে প্রাথমিক ধারণার কথা জানিয়েছে পুলিশ। তবে নিহতদের বিস্তারিত পরিচয় এখনো পাওয়া যায়নি।