পুলিশের উদ্দেশ্যে মেয়র শাহাদাত

‘আপনারা জানেন আ. লীগের সন্ত্রাসীরা কোথায় আছে’

চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র ও চট্টগ্রাম মহানগর বিএনপির সাবেক সভাপতি ডা. শাহাদাত হোসেন পুলিশকে উদ্দেশ করে বলেছেন, ‘আপনারা জানেন আ. লীগের সন্ত্রাসীরা কোথায় আছে। আমি অনেকবার বলেছি, আপনারা দেখেছেন, তারা ৫ আগস্টের আগে মানুষ মেরেছে, ছাত্র-জনতা হত্যা করেছে, গুম করেছে, আয়নাঘর তৈরি করেছিল এবং থানা থেকে অস্ত্র লুট করেছে। তাদের কাছে এখনো অনেক অস্ত্র আছে, যার বেশির ভাগই উদ্ধার হয়নি। তাই এসব অস্ত্র উদ্ধার করে তাদের আইনের আওতায় আনতে হবে।’

শনিবার (৩ অক্টোবর) বিকেলে নগরীর লালদিঘির পাড়স্থ জেলা পরিষদ চত্বরে কোতোয়ালি থানা বিএনপির উদ্যোগে আয়োজিত সন্ত্রাস ও নৈরাজ্যবিরোধী মিছিলপূর্ব সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

আওয়ামী লীগের বিরুদ্ধে আন্দোলনে নিজেদের ভূমিকার কথা তুলে ধরে ডা. শাহাদাত বলেন, ‘আমরা স্বৈরাচারের বিরুদ্ধে আন্দোলন করেছি, প্রতিবাদ করেছি। আমরা দেশ ছেড়ে পালিয়ে যাইনি। আমাদের নেতাকর্মীরা জেল, রিমান্ড, মামলা-হামলা, গুম ও খুনের শিকার হওয়ার পরও রাজপথে ছিল। শেখ হাসিনা পালিয়ে যাওয়ার সময় তৃণমূলের নেতাকর্মীদের এতিম করে পালিয়ে গেছেন। বিদেশে বসে তাদের উসকে দিচ্ছেন। শেখ হাসিনার জন্য ফাঁসির রশি রেডি আছে।’

তিনি বলেন, ‘আমাদের ডিসেম্বরের ভয় দেখিয়ে লাভ নেই। শেখ হাসিনা হত্যা মামলার আসামি। তিনি যদি দেশে আসতে চান, তাহলে আইনের মাধ্যমে আসতে হবে।’

কোতোয়ালি থানা বিএনপির সাবেক সভাপতি মনজুর রহমান চৌধুরীর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক আলহাজ্ব জাকির হোসেনের সঞ্চালনায় সমাবেশে প্রধান বক্তার বক্তব্য দেন চট্টগ্রাম-৯ আসনের সংসদ সদস্য আলহাজ্ব আবু সুফিয়ান। বিশেষ অতিথি ছিলেন চট্টগ্রাম মহানগর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আবুল হাশেম বক্কর ও মহানগর বিএনপির সদস্যসচিব নাজিমুর রহমান।

সমাবেশে অন্যদের মধ্যে মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক হারুন জামান, নিয়াজ মোহাম্মদ খান, ইয়াছিন চৌধুরী লিটন, আহমেদুল আলম চৌধুরী রাসেল, শিহাব উদ্দিন মুবিন, সাবেক যুগ্ম সম্পাদক আবদুল মান্নান, আহ্বায়ক কমিটির সদস্য খোরশেদুল আলম, মো. কামরুল ইসলাম, আনোয়ার হোসেন লিপু ও মো. ইসমাইল বালি প্রমুখ বক্তব্য দেন।